ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে সংঘর্ষে ইরান সমর্থিত হুতি গোষ্ঠীর এক কমান্ডার নিহত হয়েছেন। দেশটির পশ্চিমাঞ্চলে সাম্প্রতিক সংঘর্ষে তিনি নিহত হন বলে রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে জানিয়েছে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু।
নিহত হুতি কমান্ডারের নাম মোহাম্মদ হারিথ আলি মুতলাক আল-আলাউই। তবে সংঘর্ষের ঠিক কোন স্থানে বা কী পরিস্থিতিতে তার মৃত্যু হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
এর এক দিন আগে সরকারপন্থী ন্যাশনাল রেজিস্ট্যান্স ফোর্সেস জানিয়েছিল, দক্ষিণ-পশ্চিম ইয়েমেনের তাইজ প্রদেশের পশ্চিমে আল-কাধা এলাকায় হুতিদের আরেক কমান্ডার কামেল খলিল নাসের আল-ওয়াজির এবং তার কয়েকজন সহযোগী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার তাইজের পশ্চিমাঞ্চলে সরকারি বাহিনী ও হুতিদের মধ্যে উত্তেজনা বাড়ার মধ্যেই এসব হতাহতের ঘটনা ঘটে। ২০২২ সালে জাতিসংঘের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর তাইজে সাম্প্রতিক সংঘর্ষকে উল্লেখযোগ্য সহিংসতার ঘটনা হিসেবে দেখা হচ্ছে।
ইয়েমেনে আবারও বড় ধরনের সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কায় জাতিসংঘ সতর্ক করার সময়েই নতুন করে এই সামরিক উত্তেজনা দেখা দিল।
২০১৪ সালের সেপ্টেম্বর থেকে হুতি গোষ্ঠী ইয়েমেনের রাজধানী সানা এবং দেশের আরও কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকা নিয়ন্ত্রণ করছে। অন্যদিকে সৌদি আরবের সমর্থনপুষ্ট আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার ও তাদের মিত্র বাহিনী দেশের দক্ষিণ, পূর্ব ও পশ্চিমাঞ্চলের বড় একটি অংশ নিয়ন্ত্রণ করে আসছে।
মন্তব্যসমূহ