ইরানের ইসলামি প্রজাতন্ত্র শিগগিরই পতনের মুখে পড়তে পারে বলে মন্তব্য করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
যুক্তরাষ্ট্র নতুন করে ইরানে সামরিক অভিযান শুরু করার পর বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ইসরাইলি সামরিক কর্মকর্তাদের সঙ্গে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
নেতানিয়াহু বলেন, ইরান এখন আগের যেকোনো সময়ের চেয়ে দুর্বল অবস্থায় রয়েছে এবং নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে লড়াই করছে।
তিনি বলেন, “এই সরকার এখন টলমল অবস্থায় রয়েছে। এটি আগের যেকোনো সময়ের চেয়ে দুর্বল। তারা নিজেদের টিকে থাকার জন্য লড়াই করছে।”
ইসরাইলি প্রধানমন্ত্রী দাবি করেন, ইরানের হুমকি স্থায়ীভাবে দূর করা এবং দেশটির বর্তমান সরকারকে উৎখাত করা এখন তাদের অন্যতম প্রধান লক্ষ্য। তার মতে, এই লক্ষ্য অর্জন এখন আর অসম্ভব নয়, বরং অনেকটাই নাগালের মধ্যে।
দীর্ঘদিন ধরেই ইরানের সরকারকে ইসরাইলের জন্য বড় নিরাপত্তা হুমকি হিসেবে উল্লেখ করে আসছেন নেতানিয়াহু। চলতি বছরের ফেব্রুয়ারির শেষ দিকে ওয়াশিংটনের সঙ্গে সমন্বয় করে ইরানে সামরিক অভিযান শুরু করেছিল ইসরাইল। পরে এপ্রিলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির ঘোষণা দেন।
তবে চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্র ইরানের ওপর আবারও হামলা শুরু করেছে এবং অর্থনৈতিক চাপও বাড়িয়েছে। এর পাল্টা জবাবে ইরান উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর পাশাপাশি জর্ডান ও ইরাকের কুর্দিস্তান অঞ্চলে হামলা চালিয়েছে বলে দাবি করা হয়েছে।
তবে ইসরাইলে সরাসরি হামলা না চালানোর বিষয়টি উল্লেখ করে নেতানিয়াহু বলেন, এটি কোনো কাকতালীয় ঘটনা নয়।
তিনি বলেন, “তারা সবাইকে আক্রমণ করছে, কিন্তু আমাদের নয়। তারা আমাদের শক্তি, অস্ত্রের ক্ষমতা এবং আমাদের দৃঢ়তা সম্পর্কে জানে।”
তবে ইরানের সরকার পতনের বিষয়ে নেতানিয়াহুর দাবির স্বাধীন কোনো প্রমাণ এখনো পাওয়া যায়নি।
সূত্র: এনডিটিভি
মন্তব্যসমূহ