নওগাঁর সাপাহার সীমান্তে নারী ও শিশুসহ ৯ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বুধবার (২৪ জুন) ভোর সোয়া ৪টার দিকে নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) অধীন আদাতলা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।
বিজিবি সূত্র জানায়, সীমান্ত পিলার ২৪৪/এমপি দিয়ে ভারতের ২৯ বিএসএফ ব্যাটালিয়নের এলেনপুর ক্যাম্পের সদস্যরা ৩ জন পুরুষ, ৩ জন নারী ও ৩ জন শিশুসহ মোট ৯ জনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করে।
খবর পেয়ে আদাতলা বিওপির একটি টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের প্রবেশে বাধা দেয়। পরে তারা সীমান্তের শূন্য রেখায় অবস্থান করতে থাকে।
নওগাঁ-১৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম মাসুম জানান, ঘটনাটি জানার পরপরই বিজিবি সদস্যরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
তিনি আরও বলেন, বর্তমানে ওই ৯ জন সীমান্তের শূন্য রেখায় অবস্থান করছেন এবং বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট পর্যায়ে যোগাযোগ অব্যাহত রয়েছে।
এ ঘটনায় সীমান্ত এলাকায় কোনো উত্তেজনা সৃষ্টি না হলেও নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে বলে জানা গেছে।