দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও সামগ্রিক উন্নয়ন ত্বরান্বিত করতে উন্নত, নিরাপদ ও টেকসই যোগাযোগ অবকাঠামো গড়ে তোলার ওপর সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, নৌপরিবহন এবং রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সচিবালয়ে ইসলামিক উন্নয়ন ব্যাংক (আইডিবি) গ্রুপের চেয়ারম্যান ড. মোহাম্মদ আল জাসেরের নেতৃত্বে একটি প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, সড়ক, রেল ও নৌপথের সমন্বিত উন্নয়নের মাধ্যমে দেশের অভ্যন্তরীণ যোগাযোগব্যবস্থা শক্তিশালী করার পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক যোগাযোগ বাড়াতে কাজ করছে সরকার। বাংলাদেশের যোগাযোগ খাতে বিপুল সম্ভাবনা রয়েছে। এই সম্ভাবনা কাজে লাগাতে পরিকল্পিত ও সমন্বিত অবকাঠামো উন্নয়ন প্রয়োজন।
বৈঠকে দেশের যোগাযোগ ও অবকাঠামো খাতের বর্তমান অবস্থা, চলমান প্রকল্প, ভবিষ্যৎ পরিকল্পনা এবং উন্নয়ন সহযোগিতার বিভিন্ন সম্ভাব্য ক্ষেত্র নিয়ে আলোচনা হয়। একই সঙ্গে সড়ক, রেল ও নৌপরিবহন খাতে পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের বিষয়ে উভয় পক্ষ আশাবাদ ব্যক্ত করে।
শেখ রবিউল আলম বলেন, মানুষের ক্রমবর্ধমান চাহিদা পূরণ, যানজট কমানো, পরিবহন ব্যবস্থার দক্ষতা বাড়ানো এবং নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে নতুন প্রকল্প নেওয়ার পাশাপাশি বিদ্যমান অবকাঠামোর আধুনিক ব্যবস্থাপনা ও নিয়মিত রক্ষণাবেক্ষণ নিশ্চিত করা জরুরি।
তিনি আরও বলেন, যোগাযোগ অবকাঠামোর উন্নয়ন শুধু মানুষের যাতায়াত সহজ করার মধ্যে সীমাবদ্ধ নয়। এর সঙ্গে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, শিল্পায়ন, বিনিয়োগ, বাণিজ্য সম্প্রসারণ ও কর্মসংস্থান সরাসরি জড়িত। তাই দীর্ঘমেয়াদি ও সমন্বিত পরিকল্পনার মাধ্যমে যোগাযোগ অবকাঠামো উন্নয়নে সরকার গুরুত্ব দিচ্ছে।
আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করেন মন্ত্রী। প্রযুক্তিনির্ভর পরিকল্পনা, দক্ষ ব্যবস্থাপনা এবং টেকসই অবকাঠামো নির্মাণের মাধ্যমে দেশের পরিবহন ব্যবস্থাকে আরও কার্যকর ও জনবান্ধব করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান তিনি।
এ ক্ষেত্রে ইসলামিক উন্নয়ন ব্যাংকের অর্থায়ন, কারিগরি সহযোগিতা ও দীর্ঘ অভিজ্ঞতা বাংলাদেশের যোগাযোগ খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে উল্লেখ করেন শেখ রবিউল আলম।
তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে ইসলামিক উন্নয়ন ব্যাংকের দীর্ঘদিনের উন্নয়ন অংশীদারিত্ব রয়েছে। পারস্পরিক আস্থা ও সহযোগিতার ভিত্তিতে এই সম্পর্ক ভবিষ্যতে আরও বিস্তৃত হবে বলে আশা প্রকাশ করেন তিনি। পাশাপাশি বাংলাদেশের অগ্রাধিকারভিত্তিক অবকাঠামো প্রকল্পগুলোতে আইডিবির সহযোগিতা আরও বাড়ানোর প্রত্যাশা ব্যক্ত করেন।
বৈঠকে আইডিবি গ্রুপের চেয়ারম্যান ড. মোহাম্মদ আল জাসের বাংলাদেশের উন্নয়ন অগ্রগতি ও অবকাঠামো খাতের সাম্প্রতিক অগ্রগতির প্রশংসা করেন। তিনি বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনাকে উজ্জ্বল উল্লেখ করে বলেন, দেশের কৌশলগত ভৌগোলিক অবস্থান ও ক্রমবর্ধমান অর্থনৈতিক সক্ষমতাকে কাজে লাগাতে আধুনিক ও দক্ষ যোগাযোগ অবকাঠামো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
ড. আল জাসের বলেন, বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় ইসলামিক উন্নয়ন ব্যাংক নির্ভরযোগ্য অংশীদার হিসেবে সহযোগিতা অব্যাহত রাখতে আগ্রহী। সড়ক, রেল ও নৌপরিবহন খাতের সমন্বিত ও টেকসই উন্নয়নে সহযোগিতার যথেষ্ট সুযোগ রয়েছে।
তিনি আরও বলেন, অর্থনৈতিক প্রবৃদ্ধি ধরে রাখা, নতুন বিনিয়োগ আকর্ষণ এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারণে আধুনিক পরিবহন ব্যবস্থা গুরুত্বপূর্ণ। বাংলাদেশের অগ্রাধিকার ও প্রয়োজনের সঙ্গে সামঞ্জস্য রেখে ভবিষ্যৎ প্রকল্পগুলোতে অর্থায়ন ও কারিগরি সহযোগিতার সুযোগ নিয়ে ইতিবাচকভাবে কাজ করতে চায় আইডিবি।
বৈঠকে বাংলাদেশের যোগাযোগ অবকাঠামো উন্নয়নে সহযোগিতা আরও বাড়ানোর বিষয়ে উভয় পক্ষ একমত হয়। সম্ভাব্য প্রকল্পগুলোতে অর্থায়ন ও কারিগরি সহায়তার বিভিন্ন দিক নিয়ে ভবিষ্যতে আরও ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
এ সময় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হকসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মন্তব্যসমূহ