দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ সদস্যদের সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বঙ্গভবনে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতি বলেন, অপরাধীদের দমনে পুলিশকে কঠোর অবস্থান নিতে হবে। একই সঙ্গে সাধারণ মানুষের সঙ্গে আচরণের ক্ষেত্রে ন্যায়বিচার, মানবিকতা ও দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। আইনের শাসন প্রতিষ্ঠায় প্রয়োজনীয় পদক্ষেপ দ্রুত বাস্তবায়নের জন্যও তিনি পুলিশ বাহিনীকে নির্দেশনা দেন।
রাষ্ট্রপতি সাইবার অপরাধ, অপতথ্য, মিথ্যা তথ্য ও গুজব ছড়ানো, ছিনতাই, চাঁদাবাজি এবং মাদকের বিস্তার রোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি নারী ও শিশুর নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য আইজিপিকে নির্দেশ দেন। এসব বিষয়ে জনগণকে নিয়মিত তথ্য জানানো এবং সচেতনতামূলক প্রচারণা জোরদারের কথাও বলেন তিনি।
রাষ্ট্রপতি বলেন, বর্তমান সরকার মানুষের মৌলিক মানবাধিকার ও গণতান্ত্রিক অধিকার রক্ষায় কাজ করছে। এ লক্ষ্য বাস্তবায়নে বিচারবহির্ভূত হত্যা, হয়রানি এবং মিথ্যা মামলার মতো কর্মকাণ্ড বন্ধে কার্যকর ব্যবস্থা অব্যাহত রাখতে হবে।
সাক্ষাতে আইজিপি পুলিশ বাহিনীর মনোবল বৃদ্ধি, আধুনিকায়ন ও ডিজিটালাইজেশনের লক্ষ্যে নেওয়া বিভিন্ন উদ্যোগ সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। দায়িত্ব পালনে রাষ্ট্রপতির সহযোগিতাও কামনা করেন তিনি।
জবাবে রাষ্ট্রপতি পুলিশ বাহিনীকে প্রয়োজনীয় সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। এ সময় রাষ্ট্রপতির সামরিক সচিব ও প্রেস সচিব উপস্থিত ছিলেন।
মন্তব্যসমূহ