বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ আবারও ঘুরে দাঁড়াবে এবং দেশের অর্থনীতি আরও শক্তিশালী ও স্বয়ংসম্পূর্ণ হয়ে উঠবে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর উত্তরায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, স্বাধীনতার পর দেশের অর্থনৈতিক পরিস্থিতি ছিল অত্যন্ত কঠিন। ১৯৭২ থেকে ১৯৭৫ সালের সময়কে উল্লেখ করে তিনি বলেন, সে সময় দেশের মানুষ খাদ্যসংকট ও দুর্ভিক্ষের মতো পরিস্থিতির মুখোমুখি হয়েছিল।
বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের প্রসঙ্গ তুলে তিনি বলেন, দেশি-বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে জিয়াউর রহমানকে হত্যা করা হয়েছিল বলে তিনি মনে করেন। তার দাবি, জিয়াউর রহমান দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় কাজ করেছিলেন এবং কোনো বিদেশি শক্তির প্রভাবাধীন হয়ে রাজনীতি করতে চাননি।
রিজভী বলেন, একজন মুক্তিযোদ্ধা ও দেশপ্রেমিক নেতার হাত ধরে যে রাজনৈতিক দলের যাত্রা শুরু হয়েছে, নানা ষড়যন্ত্র ও প্রতিকূলতার মধ্যেও সেই দলকে নিশ্চিহ্ন করা সম্ভব নয়। বিএনপির নেতাকর্মীরা বিভিন্ন সময়ে নির্যাতন ও রাজনৈতিক চাপের মুখে পড়লেও দলটি টিকে আছে বলে মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াও দীর্ঘদিন নানা প্রতিকূলতার মধ্যেও জনগণের পাশে থেকেছেন এবং তাদের পক্ষে কথা বলেছেন। ফলে বিএনপিকে কোনো ষড়যন্ত্রের মাধ্যমে দুর্বল করা সম্ভব হয়নি এবং ভবিষ্যতেও হবে না বলে মন্তব্য করেন রিজভী।
আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি দেশের অর্থনীতি পুনর্গঠন ও উন্নয়নের ধারাকে এগিয়ে নিতে কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। তার নেতৃত্বে দেশের অর্থনীতির বিভিন্ন সূচকে বাংলাদেশ আরও শক্তিশালী অবস্থানে পৌঁছাবে বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা।
মন্তব্যসমূহ