ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি মুসলিম দেশগুলো, বিশেষ করে উপসাগরীয় অঞ্চলের রাষ্ট্রগুলোকে নিজেদের মধ্যে বিভেদ দূর করে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি মুসলিম দেশগুলোর নেতাদের তাদের ‘প্রকৃত শত্রু’ চিহ্নিত করে সম্মিলিতভাবে তা মোকাবিলার পরামর্শ দিয়েছেন।
ইসলামি ঐক্য সপ্তাহ উপলক্ষে খামেনির টেলিগ্রাম অ্যাকাউন্টে প্রকাশিত এক লিখিত বার্তায় এ আহ্বান জানানো হয়। মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জন্মবার্ষিকী ঘিরে এ সপ্তাহ পালিত হয়ে থাকে।
বার্তায় মুসলিম দেশগুলোর মধ্যে রাজনৈতিক ও অর্থনৈতিকসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর পাশাপাশি পারস্পরিক প্রতিরক্ষা জোরদারের কথা বলেন খামেনি। তার ভাষ্য অনুযায়ী, মুসলমানদের মধ্যে যারা সচেতন বা অসচেতনভাবে বিভাজন সৃষ্টি করে, তারা কার্যত ইসলামের বিরোধীদের স্বার্থকেই সহায়তা করে।
ফিলিস্তিনের পরিস্থিতির প্রসঙ্গ টেনে খামেনি প্রশ্ন তোলেন, মুসলিম বিশ্ব ঐক্যবদ্ধ থাকলে ফিলিস্তিনিরা কি বর্তমানের মতো এতটা অসহায় অবস্থায় পড়ত?
উপসাগরীয় আরব দেশগুলোর শাসকদের উদ্দেশে তিনি বলেন, ওই অঞ্চলের জনগণ ও সরকারগুলো ইসলামের পতাকাতলে ঐক্যবদ্ধ থাকলে বহিরাগত শক্তিগুলো তাদের ভূখণ্ড ও সম্পদের প্রতি এত সহজে আগ্রহ দেখাতে পারত কি না, তা ভেবে দেখা প্রয়োজন।
তিনি বলেন, পশ্চিম এশিয়া ও উপসাগরীয় অঞ্চলের মুসলিম রাষ্ট্রগুলোর নেতাদের প্রতি তার বারবার আহ্বান হলো, তারা যেন প্রকৃত শত্রুকে শনাক্ত করেন, তাদের পরিকল্পনা বোঝেন এবং সম্মিলিতভাবে তা মোকাবিলা করেন।
১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর থেকেই ইরানের বিপ্লবী আদর্শ ও আঞ্চলিক প্রভাবকে ঘিরে উপসাগরীয় আরব রাজতন্ত্রগুলোর সঙ্গে তেহরানের সম্পর্কে দীর্ঘদিনের অবিশ্বাস রয়েছে। বর্তমান সংঘাতেও সেই উত্তেজনা আরও স্পষ্ট হয়েছে। ইরান যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনার পাশাপাশি উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন অবকাঠামোতে হামলা চালিয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
মোজতবা খামেনি প্রায় ছয় মাস ধরে জনসমক্ষে দেখা দেননি। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলায় আহত হওয়ার পর থেকে তিনি প্রকাশ্যে অনুপস্থিত রয়েছেন। ওই হামলায় তার বাবা ও ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন বলে রয়টার্স জানিয়েছে।
এর আগে শুক্রবার ইরানের জনগণের উদ্দেশে দেওয়া আরেক বার্তায় সামাজিক ঐক্য ক্ষতিগ্রস্ত হয় এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকার নির্দেশ দেন মোজতবা খামেনি। একই সঙ্গে জাতীয় মনোবল দুর্বল করতে পারে এমন বক্তব্য না দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতিও আহ্বান জানান তিনি।
সূত্র: রয়টার্স
মন্তব্যসমূহ