পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি খোলা রয়েছে বলে যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের দেওয়া বক্তব্য প্রত্যাখ্যান করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) নৌবাহিনী।
শনিবার (২৯ আগস্ট) দেওয়া এক বিবৃতিতে আইআরজিসি নৌবাহিনী মার্কিন কর্মকর্তাদের বক্তব্যকে ‘স্পষ্ট মিথ্যা’ বলে অভিহিত করেছে। তাদের দাবি, তেলের বাজার ও দাম নিয়ন্ত্রণের পাশাপাশি নিজেদের ব্যর্থতা আড়াল করতেই ওয়াশিংটন এমন বক্তব্য দিচ্ছে।
আইআরজিসি নৌবাহিনী জানিয়েছে, হরমুজ প্রণালির ওপর ইরানের বাহিনীর নিয়ন্ত্রণ দৃঢ় রয়েছে। তাদের বক্তব্য অনুযায়ী, ইরানের সঙ্গে আগে থেকে সমন্বয় না করে কোনো জাহাজ এই জলপথ দিয়ে চলাচলের চেষ্টা করলে সেটি বাধার মুখে পড়বে।
ইরানের পক্ষ থেকে আরও বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সামরিক কর্মকাণ্ড বন্ধ এবং নির্ধারিত প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এই অবস্থান অব্যাহত থাকবে।
হরমুজ প্রণালির পরিস্থিতি নিয়ে অবশ্য যুক্তরাষ্ট্র ও ইরানের বক্তব্যে স্পষ্ট বিরোধ রয়েছে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জলপথটি খোলা থাকার কথা বলা হলেও আইআরজিসি সেটিকে প্রত্যাখ্যান করছে। আল জাজিরার প্রতিবেদনে হোয়াইট হাউসের বক্তব্যও তুলে ধরা হয়েছে, যেখানে ওয়াশিংটন বলেছে যে মার্কিন নৌ অবরোধ সক্রিয় রয়েছে এবং প্রণালিটি খোলা ও মাইনমুক্ত রয়েছে।
এর আগে ২৬ আগস্টও ইরানের আইআরজিসির এক মুখপাত্র জানিয়েছিলেন, যুক্তরাষ্ট্র তাদের শর্ত মেনে না নিলে হরমুজ প্রণালি পুনরায় খোলা হবে না।
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হওয়ায় হরমুজ প্রণালিকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইরানের এই পাল্টাপাল্টি অবস্থান আন্তর্জাতিক জ্বালানি বাজার ও সমুদ্রপথের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।
সূত্র: তাসনিম নিউজ
মন্তব্যসমূহ