রাজধানীর মোহাম্মদপুরে দস্যুতার প্রস্তুতিকালে ‘কব্জিকাটা আনোয়ার গ্রুপ’ ও ‘আই ডোন্ট কেয়ার মোহাম্মদপুর গ্রুপ’-এর সক্রিয় তিন সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব-২। এ সময় তাদের কাছ থেকে একটি সামুরাই উদ্ধার করা হয়।
শনিবার (২৯ আগস্ট) সকালে র্যাব-২ নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে, মোহাম্মদপুর থানাধীন মোহাম্মদীয়া হাউজিং এলাকায় কয়েকজন দুষ্কৃতকারী দস্যুতার প্রস্তুতি নিচ্ছে। এর ভিত্তিতে র্যাব-২-এর একটি আভিযানিক দল সেখানে অভিযান পরিচালনা করে মোঃ রফিকুল ইসলাম ওরফে রাফাত চকদার (২৫), মোঃ হানিফ হোসেন ওরফে জয় (২৬) এবং মোঃ চাঁন মিয়া (২০)-কে গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে একটি সামুরাই উদ্ধার করা হয়।
র্যাব জানায়, প্রাথমিক তথ্যানুসন্ধানে গ্রেপ্তার তিনজন ‘কব্জিকাটা আনোয়ার গ্রুপ’ এবং ‘আই ডোন্ট কেয়ার মোহাম্মদপুর গ্রুপ’-এর সক্রিয় সদস্য বলে জানা গেছে। তারা পরস্পর যোগসাজশে দীর্ঘদিন ধরে মোহাম্মদপুর এলাকায় ছিনতাই, দস্যুতা, ডাকাতি, মাদক কারবারসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল।
র্যাব আরও জানায়, ‘কব্জিকাটা আনোয়ার গ্রুপ’-এর প্রধান আনোয়ারসহ গ্রুপটির অধিকাংশ সদস্যকে এর আগে র্যাব-২ গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে থাকা মামলার তথ্য যাচাই করে র্যাব জানায়, রফিকুল ইসলাম ওরফে রাফাত চকদারের বিরুদ্ধে ডিএমপির মোহাম্মদপুর থানায় দস্যুতা ও ডাকাতির প্রস্তুতির দুটি এবং আদাবর থানায় ডাকাতির একটি মামলা রয়েছে।
মোঃ হানিফ হোসেন ওরফে জয়ের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় দস্যুতা, ডাকাতির প্রস্তুতি, হত্যাচেষ্টা ও ভয়ভীতি প্রদর্শনের তিনটি, দ্রুত বিচার আইনে একটি এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রয়েছে। এসবের মধ্যে তিনটি মামলার চার্জশিটে তিনি অভিযুক্ত। তার বিরুদ্ধে দুটি গ্রেপ্তারি পরোয়ানাও রয়েছে। এর আগে আইনশৃঙ্খলা বাহিনী তাকে তিনবার গ্রেপ্তার করেছিল।
অপরদিকে, মোঃ চাঁন মিয়ার বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় দস্যুতা ও মাদকসংক্রান্ত দুটি এবং আদাবর থানায় ডাকাতির একটি মামলা রয়েছে।
গ্রেপ্তারকৃত আসামিদের এবং উদ্ধার করা আলামতের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে র্যাব-২।
মন্তব্যসমূহ