প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের গণতান্তিক আন্দোলনে শহীদ এবং ক্ষতিগ্রস্ত মানুষের পরিবারগুলোর প্রত্যাশা ও আকাঙ্ক্ষা পূরণে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
গুম-খুনের শিকার এবং জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত ও শহীদ পরিবারের সদস্যদের পাশে থাকার আশ্বাস দিয়ে প্রধানমন্ত্রী বলেন, সীমিত সম্পদের মধ্যেও সরকার সর্বোচ্চ সক্ষমতা দিয়ে তাদের সহযোগিতা করবে।
শনিবার (২৯ আগস্ট) দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের করবী হলে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে গুম-খুনের শিকার পরিবার এবং জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত ও শহীদ পরিবারের ৭৪ সদস্যের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দেওয়া হয়।
প্রধানমন্ত্রী বলেন, “সীমিত সম্পদের মধ্যেও আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে আপনাদের পাশে থাকার। যে অপূরণীয় ক্ষতি আপনাদের হয়েছে, তা কোনোভাবেই পূরণ করা সম্ভব নয়। তবুও আমরা আপনাদের সঙ্গে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকব।”
অনুষ্ঠানে তিনি বলেন, আজকের আয়োজনটি সরকারের জন্য অত্যন্ত বেদনাদায়ক। কারণ এমন অনেক মানুষকে স্মরণ করা হচ্ছে, যারা দেশের জন্য ত্যাগ স্বীকার করেছেন, কিন্তু বর্তমানে তাদের আর পাশে পাওয়া যাচ্ছে না।
তারেক রহমান বলেন, “তাঁদের এই মহান ত্যাগের বিনিময়েই আজ দেশের ২০ কোটি মানুষ ফ্যাসিস্ট শাসনব্যবস্থা থেকে মুক্তি পেয়েছে।”
তিনি বলেন, যারা আজ অনুপস্থিত, তারা কোথায় এবং কী অবস্থায় আছেন তা একমাত্র আল্লাহই জানেন। তাদের জন্য সবার দোয়া করা উচিত বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী।
১৯৭১ সালের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে দেশের বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলন এবং সর্বশেষ জুলাই গণ-অভ্যুত্থানের আত্মত্যাগের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, এসব আন্দোলনের শহীদ ও ক্ষতিগ্রস্তদের লক্ষ্য ও আকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকার কাজ করবে।
তিনি বলেন, বাস্তবতার কারণে অনেক সময় সব কাজ দ্রুত সম্পন্ন করা সম্ভব হয় না। তবে সরকার সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রাখবে।
প্রধানমন্ত্রী বলেন, বড় অর্জনের পেছনে যারা বড় ত্যাগ স্বীকার করেছেন, তাদের অনেকেই আজ আমাদের মাঝে নেই। যারা রয়েছেন, তারা দেশের মানুষের জন্য গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।
তিনি বলেন, “বর্তমান সরকার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবে, আপনারা যে লক্ষ্য ও উদ্দেশ্যে নিজেদের জীবন বাজি রেখেছেন, সেই লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়ন করতে।”
শহীদ ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, তাদের ত্যাগ ও সহযোগিতাই সরকারকে কাজ করার সাহস জোগাচ্ছে।
তিনি বলেন, “আপনাদের এই ত্যাগ, সমর্থন ও সহযোগিতার কারণেই সরকার পূর্ণ উদ্যমে কাজ করার সাহস পাচ্ছে। আপনারাই আমাদের শক্তি ও উদ্দীপনার মূল উৎস।”
শহীদ পরিবারের সদস্যদের সহযোগিতা কামনা করে প্রধানমন্ত্রী বলেন, তাদের সমর্থন ও উৎসাহ দেশের মানুষের প্রত্যাশা পূরণে সরকারের কাজকে আরও এগিয়ে নিতে সহায়তা করবে।
অনুষ্ঠানে গুম-খুনের শিকার পরিবার এবং জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের সদস্যরা বক্তব্য দেন। এ সময় তারা প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে নিজেদের অনুভূতি প্রকাশ করেন।
মন্তব্যসমূহ