নেপালে ভয়াবহ আকস্মিক বন্যায় নিহতদের মধ্যে সাতজনের মরদেহ ভারতের নদীতে ভেসে এসেছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের উত্তর প্রদেশের মহারাজগঞ্জ ও কুশীনগর জেলার নদী থেকে এসব মরদেহ উদ্ধার করা হয়। এলাকাগুলো নেপালের বন্যাকবলিত চিতওয়ান অঞ্চলের সীমান্তবর্তী।
মহারাজগঞ্জের জেলা ম্যাজিস্ট্রেট গৌরব সিং সোগরওয়াল জানান, বৃহস্পতিবার চারটি অজ্ঞাত মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, নেপালে আকস্মিক বন্যার পানির প্রবল স্রোতে এগুলো ভারতের দিকে ভেসে এসেছে।
এ ছাড়া সীমান্ত থেকে প্রায় ৭০ কিলোমিটার ভাটিতে কুশীনগর জেলা থেকে আরও তিনটি মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। উদ্ধার হওয়া মরদেহগুলোর পরিচয় শনাক্তের কাজ চলছে।
নেপাল-তিব্বত সীমান্তবর্তী এলাকায় ভয়াবহ এই বন্যা ও ভূমিধসে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। দুর্গম এলাকায় উদ্ধার অভিযান চললেও যোগাযোগ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হওয়ায় নিখোঁজ মানুষের সংখ্যা নিয়ে উদ্বেগ বাড়ছে।
ভারতীয় কর্তৃপক্ষ জানিয়েছে, নেপাল থেকে নেমে আসা নদীগুলোর পানিপ্রবাহ ও পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।
সূত্র: এএফপি
মন্তব্যসমূহ