নভেম্বরে তুরস্কে অনুষ্ঠিতব্য আসন্ন কপ (COP) সম্মেলনে অংশ নিতে প্রধানমন্ত্রী তারেক রহমান তুরস্ক সফর করবেন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
বৃহস্পতিবার জেদ্দায় ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) পররাষ্ট্রমন্ত্রীদের কাউন্সিলের ২৩তম বিশেষ অধিবেশনের সাইডলাইনে তুরস্কের পররাষ্ট্র উপমন্ত্রী মুসা কুলাকলিকায়ার সঙ্গে বৈঠকে এ তথ্য জানান তিনি।
বৈঠকে দুই দেশের প্রতিনিধিরা আঞ্চলিক বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন। একই সঙ্গে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে ভবিষ্যতে আরও ঘনিষ্ঠভাবে কাজ করার বিষয়ে নিজেদের আগ্রহের কথা জানান তারা।
দ্বিপক্ষীয় সম্পর্কের বিষয়েও বৈঠকে আলোচনা হয়। এ সময় অর্থনীতি ও প্রতিরক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে বিদ্যমান সহযোগিতায় সন্তোষ প্রকাশ করেন দুই পক্ষের প্রতিনিধিরা।
আলোচনায় দুই দেশের মধ্যে সহযোগিতার পরিধি আরও বিস্তৃত করার ওপর গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি বিভিন্ন নতুন ক্ষেত্রে পারস্পরিক সম্পৃক্ততা বাড়িয়ে বাংলাদেশ-তুরস্ক সম্পর্ককে আরও উচ্চতায় নেওয়ার বিষয়ে উভয় পক্ষ নিজেদের আগ্রহের কথা তুলে ধরে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য তুরস্ক সফর দুই দেশের বিদ্যমান সম্পর্ক আরও জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
মন্তব্যসমূহ