সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও শক্তিশালী করা এবং মাঠপর্যায়ে পুলিশের জনবল সংকট কাটাতে বাংলাদেশ পুলিশে ১৪ হাজার ৪০০ পদে নতুন নিয়োগের উদ্যোগ নিয়েছে সরকার।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেলে জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে রংপুর-৬ আসনের সংসদ সদস্য মো. নুরুল আমিনের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, পুলিশের সক্ষমতা বাড়াতে নতুন করে ৪ হাজার সাব-ইন্সপেক্টর (এসআই-নিরস্ত্র), ৪০০ সার্জেন্ট এবং ১০ হাজার কনস্টেবল পদ সৃজনের পদক্ষেপ নেওয়া হয়েছে। এসব পদ সৃজিত হলে অন্যান্য অঞ্চলের মতো রংপুর জেলাতেও অনুপাত অনুযায়ী পুলিশ সদস্যের সংখ্যা বাড়ানো হবে।
তিনি আরও জানান, রাজস্ব বাজেটের আওতায় আগামী পাঁচ বছরের মধ্যে পর্যায়ক্রমে পুলিশের প্রয়োজনীয় যানবাহন ও জলযানের ঘাটতিও পূরণ করা হবে।
এর আগে গত ১০ মার্চ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত পর্যালোচনা সভায় পুলিশের প্রস্তাবিত ৪ হাজার এসআই (গ্রেড-১০) নিয়োগের বিষয়টি নিয়ে আলোচনা হয়।
এদিকে কনস্টেবল নিয়োগের সার্বিক প্রস্তুতিও শুরু হয়েছে। মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, অর্থ মন্ত্রণালয়ের ছাড়পত্র পাওয়ার পরপরই চূড়ান্ত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।
সরকারের এ উদ্যোগ বাস্তবায়িত হলে পুলিশের মাঠপর্যায়ে জনবল বৃদ্ধি পাবে এবং দেশের আইনশৃঙ্খলা রক্ষায় বাহিনীর সক্ষমতা আরও জোরদার হবে।
মন্তব্যসমূহ