ইরানের বিরুদ্ধে সামরিক ও অর্থনৈতিক চাপের মাধ্যমে যুক্তরাষ্ট্র ‘খুব বড় বিজয়ের’ দিকে এগিয়ে যাচ্ছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি মারা গেছেন বলে তিনি মনে করেন না বলেও জানিয়েছেন।
বুধবার (২৬ আগস্ট) রক্ষণশীল রেডিও উপস্থাপক গ্লেন বেককে দেওয়া সাক্ষাৎকারে এসব মন্তব্য করেন ট্রাম্প। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধ ছয় মাসের কাছাকাছি পৌঁছানোর মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট এ দাবি করলেন।
ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতার পাশাপাশি দেশটির আর্থিক শক্তিও ইরানের ওপর চাপ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তার ভাষায়, এসব পদক্ষেপ যুক্তরাষ্ট্রকে ‘খুব বড় বিজয়ের’ দিকে নিয়ে যাচ্ছে এবং খুব শিগগিরই সেই জয় আসবে।
সাক্ষাৎকারে ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির শারীরিক অবস্থা নিয়েও কথা বলেন ট্রাম্প। তিনি বলেন, খামেনি মারা গেছেন বলে তিনি মনে করেন না। তবে তিনি ‘খুব গুরুতরভাবে আহত’ হয়েছেন বলে দাবি করেন। খামেনির অবস্থা নিয়ে সাম্প্রতিক সময়ে নানা জল্পনা চললেও তার শারীরিক অবস্থার পূর্ণাঙ্গ তথ্য স্বাধীনভাবে নিশ্চিত করা যায়নি।
এদিকে ট্রাম্প দাবি করেছেন, হরমুজ প্রণালি এখন কার্যকর রয়েছে এবং সেখানে পেতে রাখা মাইন সরিয়ে ফেলা হয়েছে। তবে এই দাবি নিয়েও ভিন্ন বক্তব্য রয়েছে। ইরান বলছে, যুক্তরাষ্ট্র যুদ্ধ বন্ধ ও অবরোধ প্রত্যাহার না করা পর্যন্ত প্রণালিটি পুরোপুরি খুলে দেওয়া হবে না। বাণিজ্যিক জাহাজ চলাচলও যুদ্ধপূর্ব স্বাভাবিক অবস্থায় ফেরেনি।
ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানের পাশাপাশি অর্থনৈতিক চাপও বাড়িয়েছে ওয়াশিংটন। ট্রাম্প প্রশাসনের ধারণা, ইরানের তেল ও পেট্রোকেমিক্যাল খাতসহ বৈদেশিক আয়ের উৎসে চাপ বাড়ালে তেহরানকে আরও দুর্বল করা সম্ভব হবে। তবে ইরান বলছে, নতুন নিষেধাজ্ঞা দিয়েও যুক্তরাষ্ট্র তার লক্ষ্য অর্জন করতে পারবে না।
সূত্র: সিবিএস নিউজ
মন্তব্যসমূহ