র্যাটক্লিফ মঙ্গলবার কোনো পূর্বঘোষণা ছাড়াই রাশিয়ার রাজধানী মস্কোয় যান। ফ্লাইট ট্র্যাকিং তথ্যে দেখা যায়, একটি মার্কিন সামরিক সি-১৭ পরিবহন বিমান মেরিল্যান্ডের জয়েন্ট বেস অ্যান্ড্রুজ থেকে লাটভিয়ার রিগা হয়ে মস্কোয় পৌঁছায়। পরে ক্রেমলিনও র্যাটক্লিফের সফরের বিষয়টি নিশ্চিত করে।
সিআইএ পরিচালক হিসেবে এটি র্যাটক্লিফের প্রথম পরিচিত রাশিয়া সফর। একই সঙ্গে ২০২১ সালের পর কোনো দায়িত্বে থাকা সিআইএ পরিচালকের প্রথম মস্কো সফর এটি।
রক্ষণশীল রেডিও উপস্থাপক গ্লেন বেকের সঙ্গে সাক্ষাৎকারে ট্রাম্পকে জিজ্ঞেস করা হয়, রাশিয়া ন্যাটোর প্রতিরোধক্ষমতা পরীক্ষা করতে পারে এমন আশঙ্কার কারণে র্যাটক্লিফকে মস্কোয় পাঠানো হয়েছিল কি না। ইরানের বিরুদ্ধে মার্কিন অর্থনৈতিক চাপের ক্ষেত্রে রাশিয়ার সহযোগিতা আদায়ও সফরের উদ্দেশ্য ছিল কি না, সেই প্রশ্নও ওঠে।
ট্রাম্প এসব ধারণা নাকচ করে সফরটিকে ‘সেমি-রুটিন’ হিসেবে বর্ণনা করেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ইউক্রেন যুদ্ধ শেষ করতে কঠোরভাবে কাজ করছে এবং এই সফর থেকে পরবর্তীতে ‘কিছু একটা’ বেরিয়ে আসতে পারে।
তবে মার্কিন গণমাধ্যমের প্রতিবেদনে ভিন্ন তথ্য উঠে এসেছে। ওয়াল স্ট্রিট জার্নাল সংশ্লিষ্ট ব্যক্তিদের উদ্ধৃত করে জানিয়েছে, সফরের অন্যতম উদ্দেশ্য ছিল ন্যাটোর কোনো সদস্যদেশে হামলা না চালাতে মস্কোকে সরাসরি সতর্ক করা। সাম্প্রতিক মার্কিন গোয়েন্দা মূল্যায়নে রাশিয়া ভবিষ্যতে সীমিত হামলার মাধ্যমে ন্যাটোর প্রতিক্রিয়া পরীক্ষা করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।
সিবিএস নিউজও একাধিক সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানিয়েছে, র্যাটক্লিফ রাশিয়াকে ন্যাটো সদস্যদের ওপর হামলা না চালানোর বার্তা দিয়েছেন। একই সঙ্গে ইরান প্রসঙ্গও আলোচনায় এসেছে। হরমুজ প্রণালি জাহাজ চলাচলের জন্য পুনরায় না খুললে আরও নিষেধাজ্ঞার বিষয়ে মস্কোকে সতর্ক করা হয়েছে বলে সূত্রগুলোর দাবি। তবে সিআইএ সফরের উদ্দেশ্য সম্পর্কে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানায়নি।
র্যাটক্লিফ অবশ্য রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেননি। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেশকভ জানিয়েছেন, সফরে দুই দেশের গোয়েন্দা সংস্থার মধ্যে যোগাযোগ হয়েছে এবং পুতিনকে আলোচনার বিষয়ে অবহিত করা হয়েছে।
সফরটির আগে ইউক্রেনকে রাশিয়ার গুরুত্বপূর্ণ শহরগুলোতে দূরপাল্লার হামলা সাময়িকভাবে বন্ধ রাখার অনুরোধ করেছিল যুক্তরাষ্ট্র। ইউক্রেনকে জানানো হয়েছিল, একটি মার্কিন প্রতিনিধিদল মস্কো সফর করবে।
মন্তব্যসমূহ