রংপুরে একই পরিবারের চার সদস্য হত্যাকাণ্ডসহ সাম্প্রতিক সময়ে আলোচিত বিভিন্ন অপরাধের ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হয়েছে বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, সরকার দায়িত্ব নেওয়ার পর সংঘটিত অপরাধগুলোর ক্ষেত্রে পুলিশ যৌক্তিক সময়ের মধ্যেই অভিযুক্তদের শনাক্ত ও গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে।
বুধবার (২৬ আগস্ট) রাজধানীর নয়াপল্টনে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বিএনপির আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর এমন কোনো অপরাধের ঘটনা ঘটেনি, যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করা সম্ভব হয়নি। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এটিকে সরকারের অন্যতম সাফল্য হিসেবে উল্লেখ করেন তিনি।
রংপুরের সাম্প্রতিক হত্যাকাণ্ডের প্রসঙ্গ তুলে সালাহউদ্দিন আহমদ বলেন, ঘটনা ঘটার পর আইনশৃঙ্খলা বাহিনী যৌক্তিক সময়ের মধ্যেই সংশ্লিষ্টদের আইনের আওতায় এনেছে। এর আগে পুলিশ জানিয়েছিল, ওই ঘটনায় রাতভর অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি আরও বলেন, রামিসা হত্যাকাণ্ডসহ সাম্প্রতিক সময়ে সংঘটিত বেশ কয়েকটি অপরাধের বিচার দ্রুত এগিয়েছে। সরকারের দায়িত্ব গ্রহণের পর অল্প সময়ের মধ্যেই এর চেয়ে বেশি কিছু প্রত্যাশা করা বাস্তবসম্মত নয় বলেও মন্তব্য করেন তিনি।
আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতির আশ্বাস দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাতারাতি বড় ধরনের পরিবর্তন সম্ভব নয়। তবে আইনশৃঙ্খলা বাহিনীকে এমনভাবে গড়ে তোলা হবে, যাতে তারা জনগণের প্রত্যাশা অনুযায়ী দায়িত্ব পালন করতে পারে।
পুলিশ বাহিনীকে আরও শৃঙ্খলিত ও জনবান্ধব করার পাশাপাশি বাহিনীর কর্মকাণ্ডে জবাবদিহি ও স্বচ্ছতা নিশ্চিত করার কথাও জানান তিনি। সালাহউদ্দিন আহমদ বলেন, পুলিশকে এমন একটি বাহিনীতে রূপান্তর করা হবে, যা জনগণের প্রত্যাশা পূরণে সক্ষম হবে।
মন্তব্যসমূহ