ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরিয়ে শান্তি চুক্তি করতে সক্ষম এমন একজন নতুন নেতা বেছে নেওয়ার জন্য দেশটির প্রতি প্রকাশ্য পরামর্শ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মস্কোর সঙ্গে যুদ্ধ বন্ধে সমঝোতায় পৌঁছাতে জেলেনস্কির অদক্ষতার অভিযোগ তুলে তিনি মন্তব্য করেছেন, ইউক্রেনের এখন এমন এক নেতৃত্ব প্রয়োজন যিনি বাস্তবসম্মত চুক্তি করতে পারেন। খবর এনডিটিভির।
স্থানীয় সময় শনিবার (১০ অক্টোবর) হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে ট্রাম্প বলেন, ‘আমি পরামর্শ দিচ্ছি, তারা যেন এমন একজন নতুন নেতা বেছে নেয়, যিনি চুক্তি করতে সক্ষম হবেন। কোনো এক অজানা কারণে জেলেনস্কি কখনোই তা করতে পারেন না।’ ট্রাম্প দাবি করেন, ২০২২ সালে তিনি যুক্তরাষ্ট্রের ক্ষমতায় থাকলে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুই হতো না; অদক্ষ নেতৃত্বের কারণেই এ রক্তক্ষয়ী যুদ্ধ শুরু হয়েছে। এ সময় জেলেনস্কির নীতির সমালোচনা করে তিনি উল্লেখ করেন, কিয়েভ ইতোমধ্যে তাদের ৩০ শতাংশ ভূখণ্ড হারিয়েছে এবং উভয় পক্ষ মিলিয়ে ২০ লাখের বেশি মানুষ নিহত হয়েছে।
ট্রাম্পের এমন বক্তব্যের ঠিক আগের দিনই রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের ডিজেল আমদানি চুক্তির তীব্র নিন্দা জানিয়েছিলেন জেলেনস্কি। ইউক্রেনীয় প্রেসিডেন্টের মতে, ওয়াশিংটনের এমন উদ্যোগ মিত্রদের জন্য অবমাননাকর এবং এটি একটি ‘দুর্বল সিদ্ধান্ত’। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জেলেনস্কি অভিযোগ করে লেখেন, জ্বালানি রপ্তানিতে নিষেধাজ্ঞা শিথিলের জবাবে রাশিয়া জাপোরিঝঝিয়ার আবাসিক এলাকায় পাঁচটি গ্লাইড বোমা ফেলে তাদের ‘ধন্যবাদ’ জানিয়েছে।
এর আগে শুক্রবার (৯ অক্টোবর) ট্রাম্প জানান, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সমঝোতার পর বিশ্ববাজারে জ্বালানির মূল্য হ্রাসের লক্ষ্যে মস্কো থেকে বিপুল পরিমাণ ডিজেল আমদানির চুক্তি সম্পন্ন হয়েছে। প্রাথমিক ধাপে রাশিয়া অবিলম্বে যুক্তরাষ্ট্রসহ বৈশ্বিক বাজারে ৩ লাখ টন ডিজেল সরবরাহ করবে এবং নভেম্বরের মধ্যে তা বাড়িয়ে ধাপে ধাপে ১০ লাখ টনে উন্নীত করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এই জ্বালানি চুক্তি এবং নিষেধাজ্ঞার শিথিলতা নিয়ে বর্তমানে ওয়াশিংটন ও কিয়েভের কূটনৈতিক সম্পর্কে স্পষ্ট টানাপোড়েন দৃশ্যমান হয়েছে।
সূত্র: এনডিটিভি
মন্তব্যসমূহ