কক্সবাজারের রামুতে একটি ট্রাকের চেচিসের গাদামের ভেতর বিশেষ কৌশলে লুকানো ১ লাখ ৩৮ হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় ট্রাকের চালককে আটক করা হয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) ভোর ৪টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি)-এর উপ-অধিনায়ক মেজর মো. আশিকুর রহমানের নেতৃত্বে মরিচ্যা যৌথ চেকপোস্টে টহল ও তল্লাশি কার্যক্রম জোরদার করা হয়। এ সময় একটি সন্দেহভাজন ট্রাক থামিয়ে তল্লাশি চালানো হয়।
বিজিবি সদস্যরা ট্রাকটিতে কোনো অবৈধ মালামাল রয়েছে কি না জানতে চাইলে চালক তা অস্বীকার করেন। পরে ট্রাকটিতে পুঙ্খানুপুঙ্খভাবে তল্লাশি চালিয়ে চেচিসের গাদামের ভেতর বিশেষভাবে লুকানো অবস্থায় ১ লাখ ৩৮ হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় একজনকে আটক করা হয়।
উদ্ধার করা ইয়াবা ও আটক ব্যক্তির বিরুদ্ধে বিধি মোতাবেক আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এ বিষয়ে রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইমরুল কায়েস মেহেদী জানান, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদকদ্রব্য পাচার, চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ ও অন্যান্য আন্তঃরাষ্ট্রীয় সীমান্ত অপরাধ প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করছে বিজিবি। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
মন্তব্যসমূহ