পড়াশোনার পাশাপাশি খেলাধুলাকে প্রাতিষ্ঠানিক শিক্ষার অবিচ্ছেদ্য অংশ হিসেবে অন্তর্ভুক্ত করে নতুন প্রজন্মকে শারীরিকভাবে সুস্থ, মাদকমুক্ত ও সুশৃঙ্খল নাগরিক হিসেবে গড়ে তোলার উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে আগামী শিক্ষাবর্ষ থেকে প্রাথমিক স্তরের চতুর্থ শ্রেণির পাঠ্যক্রমে ‘খেলাধুলা’ নামে একটি নতুন পাঠ্যবই অন্তর্ভুক্ত করা হচ্ছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি জানান, পরবর্তীতে পর্যায়ক্রমে পঞ্চম ও ষষ্ঠ শ্রেণির পাঠ্যসূচিতেও বিষয়টি চালুর পরিকল্পনা রয়েছে।
শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে রাজধানীর মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে ঢাকা-১৬ সংসদীয় আসনের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।
উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্যে আমিনুল হক বলেন, জীবনের লক্ষ্য অর্জনে নিয়মিত পড়াশোনার কোনো বিকল্প নেই; তবে সুস্থ মানসিকতা ও কর্মক্ষম জাতি গঠনে নিয়মিত শরীরচর্চা ও খেলাধুলাও সমান জরুরি। তিনি জানান, নতুন এ পাঠ্যবইয়ে খেলাধুলার শারীরিক ও মানসিক উপকারিতা, পুষ্টিগুণ এবং শরীর সুস্থ রাখার উপযোগী পুষ্টিকর খাবার সম্পর্কে বিস্তারিত দিকনির্দেশনা থাকবে।
শিক্ষাব্যবস্থার অবকাঠামোগত উন্নয়ন ও শিক্ষক সমাজের মর্যাদার বিষয়ে আলোকপাত করে প্রতিমন্ত্রী জানান, পল্লবী ও রূপনগর এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর আধুনিকায়নে ইতোমধ্যে আধা-সরকারি পত্র (ডিও লেটার) দেওয়া হয়েছে। এ ছাড়া শিক্ষকদের জন্য পৃথক আবাসন নিশ্চিত করতে শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনা করে প্রয়োজনে প্রধানমন্ত্রীর কাছে সুনির্দিষ্ট প্রস্তাব পাঠানো হবে।
রাজনৈতিক প্রতিহিংসা পরিহার করে একটি গণতান্ত্রিক, মানবিক ও ঐক্যবদ্ধ বাংলাদেশ বিনির্মাণের আহ্বান জানিয়ে আমিনুল হক বলেন, অতীতে ঘটে যাওয়া নেতিবাচক ইতিহাসের পুনরাবৃত্তি এড়াতে শিক্ষাঙ্গনে সুস্থ পরিবেশ নিশ্চিত করতে হবে। এ ক্ষেত্রে শিক্ষক, অভিভাবক, সমাজ ও প্রশাসনকে একযোগে দায়িত্বশীল ভূমিকা পালনের তাগিদ দেন তিনি।
মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবিশের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সংবর্ধনা সভায় ঢাকা-১৬ আসনের শিক্ষাপ্রতিষ্ঠান পর্ষদের সভাপতি মইনুল হক মঈন, এমডিসি মডেল স্কুল অ্যান্ড কলেজের সভাপতি হাফিজুর রহমান সরকারসহ স্থানীয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও পুরস্কার তুলে দেন প্রতিমন্ত্রী।
মন্তব্যসমূহ