বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ এবং যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান। সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সোমবার পৃথক দুটি অভিনন্দন বার্তার তথ্য প্রকাশ করেছে।
অভিনন্দন বার্তায় বাদশাহ সালমান রাষ্ট্রপতি নির্বাচনে জয় এবং শপথ গ্রহণের জন্য মির্জা ফখরুলকে শুভেচ্ছা জানান। একই সঙ্গে তিনি রাষ্ট্রপতির সাফল্য এবং বাংলাদেশের জনগণের অব্যাহত অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন।
পৃথক বার্তায় একইভাবে অভিনন্দন জানিয়েছেন সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান। তিনিও মির্জা ফখরুলের সাফল্য এবং বাংলাদেশের জনগণের আরও অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন।
গত ২০ আগস্ট জাতীয় সংসদে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর প্রতিদ্বন্দ্বী কর্নেল (অব.) অলি আহমদ পান ৮৮ ভোট। এরপর ২১ আগস্ট বঙ্গভবনে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মির্জা ফখরুল।
রোববার তিনি বঙ্গভবনে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রীয় দায়িত্ব পালন শুরু করেন। সেখানে তাঁকে গার্ড অব অনার দেওয়া হয় এবং পরে তিনি দাপ্তরিক নথিতে স্বাক্ষর করেন।
এদিকে সোমবার বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়া। সাক্ষাতে তিনি বাদশাহ সালমান ও যুবরাজ মোহাম্মদ বিন সালমানের পক্ষ থেকে নতুন রাষ্ট্রপতিকে অভিনন্দন জানান।
সাক্ষাৎকালে বাংলাদেশ ও সৌদি আরবের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার, বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, জ্বালানি সহযোগিতা এবং সৌদি আরবে বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থান নিয়েও আলোচনা হয়। রাষ্ট্রপতি হজযাত্রীদের সুযোগ-সুবিধা আরও বাড়ানোর আহ্বান জানান।
এ সময় রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সৌদি রাষ্ট্রদূতের মাধ্যমে বাদশাহ সালমান ও যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।
সূত্র: সৌদি প্রেস এজেন্সি
মন্তব্যসমূহ