দেশের ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধারে সরকার কাজ করছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, অর্থনৈতিক সংকট থেকে উত্তরণের পথ তৈরি হচ্ছে এবং পরিস্থিতি স্বাভাবিক হলে ধীরে ধীরে অর্থনীতিতে গতি ফিরবে।
সোমবার (২৪ জুলাই) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে নির্বাচিত গবেষক, উদ্ভাবক ও উদ্যোক্তাদের আনুষ্ঠানিক স্বীকৃতি ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, বর্তমান সরকার একটি ভঙ্গুর অর্থনীতি পেয়েছে। তা পুনরুদ্ধারের কাজ চলছে। একই সঙ্গে জরুরি পরিস্থিতি মোকাবিলা করে অর্থনীতিকে স্থিতিশীল করার চেষ্টা করা হচ্ছে।
তিনি বলেন, প্রথম ধাপে অর্থনীতিকে স্থিতিশীল করা হবে। এরপর ধীরে ধীরে অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি ফিরবে। বাংলাদেশ প্রবৃদ্ধির নতুন পর্যায়ে প্রবেশ করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, অর্থনীতিতে বিভিন্ন সংস্কার, নিয়ন্ত্রণ শিথিল, নীতিমালা প্রণয়ন ও প্রণোদনার মতো যেসব উদ্যোগ নেওয়া হয়েছে, সেগুলোর সুফল পর্যায়ক্রমে পাওয়া যাবে।
কর্মসংস্থান বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করেন অর্থমন্ত্রী। তিনি জানান, দেশের বিভিন্ন এলাকায় দক্ষতা উন্নয়ন কেন্দ্র স্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে। এসব কেন্দ্রের মাধ্যমে কর্মমুখী দক্ষতা তৈরির পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ বাড়ানো হবে।
শিল্প খাতের সক্ষমতা বাড়ানো এবং শিল্পভিত্তিক গবেষণা ও উদ্ভাবনকে উৎসাহিত করতে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের আওতাধীন ‘স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম’-এর আওতায় অনুষ্ঠানটির আয়োজন করা হয়।
শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে গবেষকদের সম্পৃক্ত করার ক্ষেত্রে এটিকে দেশের প্রথম সরকারি উদ্যোগ হিসেবে উল্লেখ করা হয়।
অনুষ্ঠানে বিভিন্ন খাতে উদ্ভাবনী গবেষণার জন্য ১২ জন গবেষক ও উদ্ভাবককে অর্থসহায়তা ও পুরস্কার দেওয়া হয়। শিল্প খাতের বিভিন্ন সমস্যা সমাধানে এসব গবেষণার অর্থ ব্যবহার করা হবে।
অনুষ্ঠানে মোট ২৩ কোটি টাকার অর্থসহায়তা দেওয়া হয়েছে। নির্বাচিতদের প্রত্যেককে গবেষণার ধরন ও প্রয়োজন অনুযায়ী ৭০ লাখ থেকে আড়াই কোটি টাকা পর্যন্ত সহায়তা দেওয়া হয়।
অর্থমন্ত্রী বলেন, শিল্প, গবেষণা, দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান—সব খাতকে সমন্বিতভাবে এগিয়ে নেওয়া গেলে দেশের অর্থনীতি আরও শক্তিশালী হবে। সামগ্রিকভাবে বাংলাদেশের অর্থনীতি সামনে ভালো দিকে যাবে বলেও আশাবাদ জানান তিনি।
মন্তব্যসমূহ