ঝিনাইদহের কালীগঞ্জে ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী ও বিএনপি নেতা রাশেদ খান। তিনি এসব কর্মকাণ্ডকে ‘হারাম’ হিসেবে উল্লেখ করে সরকারি দপ্তরে ঘুষের অভিযোগ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন।
রোববার (২৩ আগস্ট) দুপুরে কালীগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সরকারি কর্মকর্তা, কলেজের অধ্যক্ষ, প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, রাজনৈতিক নেতা এবং নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রাশেদ খান বলেন, কালীগঞ্জের কোনো সরকারি দপ্তরে ঘুষ গ্রহণের ঘটনা বরদাশত করা হবে না। ঘুষের অভিযোগ পাওয়া গেলে তা তদন্ত করে প্রমাণিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, ‘আজকের পর কালীগঞ্জের সরকারি কোনো দপ্তরে ঘুষ সহ্য করা হবে না। এমন অভিযোগ পেলে সে কালীগঞ্জে থাকতে পারবে না। এ ব্যাপারে জিরো টলারেন্স। ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজি, মাদক কালীগঞ্জে হারাম ঘোষণা করা হলো।’
মতবিনিময় সভায় সাংবাদিকদের স্বাধীনভাবে সংবাদ প্রকাশের আহ্বান জানান রাশেদ খান। তিনি বলেন, তিনি নিজে কোনো অনিয়ম বা অন্যায়ের সঙ্গে জড়িত থাকলে সাংবাদিকরা যেন তথ্য-প্রমাণের ভিত্তিতে তা প্রকাশ করেন। একইভাবে অন্য কোনো নেতার বিরুদ্ধে অভিযোগ থাকলেও যাচাই করা তথ্য ও প্রমাণের ভিত্তিতে সংবাদ প্রকাশের আহ্বান জানান তিনি।
রাশেদ খান আরও বলেন, বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর মবকে কোনো ধরনের প্রশ্রয় দেওয়া হচ্ছে না। মবের বিরুদ্ধে সরকারের অবস্থান জিরো টলারেন্স বলেও দাবি করেন তিনি।
এ ছাড়া বেসামরিক ব্যক্তিদের মাধ্যমে সালিশ-বাণিজ্য বন্ধের হুঁশিয়ারি দেন রাশেদ খান। কেউ অফিস খুলে সালিশ পরিচালনা করলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। একই সঙ্গে চাঁদাবাজ ও সন্ত্রাসীদের কোনো ছাড় দেওয়া হবে না বলেও সতর্ক করেন এই বিএনপি নেতা।
মন্তব্যসমূহ