দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ রোববার (২৩ আগস্ট) বঙ্গভবনে উঠছেন। রাষ্ট্রপতির কার্যালয় জানিয়েছে, বঙ্গভবনে পৌঁছানোর পর তাকে আনুষ্ঠানিকভাবে গার্ড অব অনার দেবে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের একটি চৌকস দল।
রোববার সকাল ১০টা ৫০ মিনিটে রাজধানীর মিন্টো রোডের সরকারি বাসভবন থেকে বঙ্গভবনের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে রাষ্ট্রপতি মির্জা ফখরুলের। সেখানে পৌঁছানোর পর আনুষ্ঠানিকতা শেষে রাষ্ট্রপতির সরকারি বাসভবনে উঠবেন তিনি।
দীর্ঘ প্রায় ৩৫ বছর পর গত ২০ আগস্ট জাতীয় সংসদে সরাসরি ভোটের মাধ্যমে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভোট গণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন তাকে বিজয়ী ঘোষণা করেন।
এরপর শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মির্জা ফখরুল। তাকে শপথবাক্য পাঠ করান জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর শনিবার সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে যান মির্জা ফখরুল। সেখানে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন তিনি।
এবার মিন্টো রোডের সরকারি বাসভবন ছেড়ে বঙ্গভবনে ওঠার মধ্য দিয়ে রাষ্ট্রপতি হিসেবে তার আনুষ্ঠানিক আবাসিক কার্যক্রমও শুরু হচ্ছে।
মন্তব্যসমূহ