রাজধানীর উত্তরায় ডিএল ফিলিং স্টেশনের এক কোটি ২১ লাখ ৫০ হাজার টাকা ডাকাতির ঘটনায় ব্যবহৃত পালসার মোটরসাইকেল উদ্ধার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) উত্তরা বিভাগ।
ডিবি উত্তরা বিভাগ সূত্রে জানা যায়, এ ঘটনায় গ্রেফতার সাগর বাড়ৈ (৪০)-কে রিমান্ডে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (২০ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে খিলগাঁও থানাধীন নন্দীপাড়া এলাকার হাফিজ উদ্দিন মাস্টার রোডের একটি ভবনের গ্যারেজে অভিযান চালায় ডিবির একটি দল। এ সময় ডাকাতির ঘটনায় ব্যবহৃত পালসার মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।
শুক্রবার (২১ আগস্ট) দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিবি উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ইলিয়াস কবির।
তিনি বলেন, উত্তরার চাঞ্চল্যকর ডাকাতির ঘটনাটি শুরু থেকেই গুরুত্ব দিয়ে তদন্ত করছে ডিবি। ইতোমধ্যে ঢাকা ও নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে সাগর বাড়ৈসহ পাঁচজনকে চারটি আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে ডাকাতির কিছু টাকা ও বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে।
ডিবির এই কর্মকর্তা আরও জানান, ডাকাতির ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতার এবং ব্যবহৃত অস্ত্র উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।
মন্তব্যসমূহ