শ্রম বিরোধের জেরে ইসরাইলের প্রধান বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত হয়ে গেছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) স্থানীয় সময় দুপুর ২টার দিকে বিমানবন্দরটির স্বাভাবিক কার্যক্রম বন্ধ হয়ে যায়।
বিমানবন্দর বন্ধ হয়ে যাওয়ায় চেক-ইন, গ্রাউন্ড সার্ভিস এবং যাত্রীসেবা কার্যক্রম ব্যাপকভাবে ব্যাহত হয়েছে। ইসরাইলি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, শ্রম বিরোধের কারণে বিমানবন্দরের সব চেক-ইন কাউন্টার বন্ধ করে দেওয়া হয়।
এর আগে ইসরাইল বিমানবন্দর কর্তৃপক্ষ ও বিমান চলাচল কর্তৃপক্ষ বিভিন্ন এয়ারলাইনসকে সম্ভাব্য অচলাবস্থার বিষয়ে সতর্ক করেছিল।
পরিস্থিতির কারণে তেল আবিবগামী কয়েকটি ফ্লাইট মাঝপথ থেকে ফিরে যেতে বাধ্য হয়েছে। পাশাপাশি বেন গুরিয়ন বিমানবন্দরে কাজ করা চারটি গ্রাউন্ড-সার্ভিস কোম্পানির কর্মীরা কর্মবিরতিতে যাওয়ায় যাত্রীসেবা আরও ব্যাহত হয়।
ভ্রমণের ব্যস্ত মৌসুমে এই সংকট তৈরি হওয়ায় বিপাকে পড়েছেন হাজারো যাত্রী। বছরের ব্যস্ত সময়ে বেন গুরিয়ন বিমানবন্দর প্রতিদিন প্রায় এক লাখ যাত্রী এবং প্রায় ৬০০টি ফ্লাইট পরিচালনা করে।
ইসরাইল বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, একটি শ্রমিক কমিটির নির্দেশে এই কর্মবিরতি শুরু হয়েছে। তাদের দাবি, এই পদক্ষেপ বিমানবন্দরের স্বাভাবিক কার্যক্রমে বড় ধরনের প্রভাব ফেলেছে।
কর্তৃপক্ষ কর্মীদের দ্রুত কর্মবিরতি প্রত্যাহার করে কাজে ফেরার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে পরিস্থিতির উন্নতি না হলে আদালতের হস্তক্ষেপ নেওয়ার কথাও জানিয়েছে তারা।
ইসরাইলের পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, যদি কর্মবিরতির মাধ্যমে ইচ্ছাকৃতভাবে কাজের গতি কমিয়ে দেওয়ার বিষয়টি প্রমাণিত হয়, তাহলে সংশ্লিষ্ট কর্মীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে।
পরিবহনমন্ত্রী মিরি রেগেভ মন্ত্রণালয়ের মহাপরিচালক মোশে বেন জাকেনকে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার নির্দেশ দিয়েছেন।
বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইসরাইলের প্রধান বিমানবন্দরের এই অচলাবস্থা দেশটির বেসামরিক যোগাযোগ ব্যবস্থার ওপর নতুন চাপ তৈরি করতে পারে।
মন্তব্যসমূহ