মানুষের দ্রুততম দৌড়ের রেকর্ডকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম একটি নতুন মানবাকৃতির রোবট তৈরি করেছে চীনের প্রযুক্তি প্রতিষ্ঠান ইউনিট্রি। ‘সুপারম্যান’ নামের এই প্রোটোটাইপ রোবটকে পরীক্ষামূলক দৌড়ে ঘণ্টায় ২৮ দশমিক ৩ মাইল বা প্রতি সেকেন্ডে ১২ দশমিক ৬৬ মিটার গতি তুলতে দেখা গেছে।
২০০৯ সালের বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে জ্যামাইকার কিংবদন্তি স্প্রিন্টার উসাইন বোল্ট ঘণ্টায় ২৭ দশমিক ৭৮ মাইল বা প্রতি সেকেন্ডে ১২ দশমিক ৪২ মিটার গতিতে দৌড়ে বিশ্ব রেকর্ড গড়েছিলেন। নতুন এই রোবটের গতি সেই রেকর্ডকেও ছাড়িয়ে গেছে বলে দাবি করছে নির্মাতা প্রতিষ্ঠান।
চীনের হাংঝৌভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান ইউনিট্রি এই রোবট তৈরি করেছে। প্রতিষ্ঠানটি এর আগে উন্নত রোবট কুকুর ও মানবাকৃতির রোবট তৈরির জন্য পরিচিতি পেয়েছে।
প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, রোবটটি শুধু দ্রুত দৌড়াতেই সক্ষম নয়, স্থির অবস্থা থেকে প্রায় দুই মিটার পর্যন্ত লাফ দিতে পারে। নির্মাতা প্রতিষ্ঠানের দাবি, এই ক্ষমতা মানুষের উল্লম্ব লাফের রেকর্ডকেও ছাড়িয়ে গেছে।
ইউনিট্রি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে রোবটটির ভিডিও প্রকাশ করে জানিয়েছে, তাদের নতুন প্রযুক্তি মানব সক্ষমতার সীমাকে নতুনভাবে সংজ্ঞায়িত করছে।
প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, রোবটটি তৈরি করতে তিন মাসের কিছু বেশি সময় লেগেছে। এর পায়ের দৈর্ঘ্য প্রায় ০.৮৫ মিটার। ছোট আকারের কাঠামো ব্যবহার করেও এত বেশি গতি অর্জন করা প্রযুক্তিগতভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
তবে রোবটটির ওজন, ব্যাটারি সক্ষমতা, সর্বোচ্চ কার্যক্ষমতা এবং পরীক্ষার বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করেনি ইউনিট্রি।
এর আগে প্রতিষ্ঠানটির তৈরি এইচ১ মডেলের মানবাকৃতির রোবট প্রতি সেকেন্ডে ১০ মিটার বা ঘণ্টায় প্রায় ২২ দশমিক ৩ মাইল গতিতে দৌড়ে আলোচনায় এসেছিল।
প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, দ্রুতগতির হিউম্যানয়েড রোবট ভবিষ্যতে উদ্ধার অভিযান, বিপজ্জনক পরিবেশে কাজ এবং কঠিন ভূখণ্ডে মানুষের সহায়তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবট প্রযুক্তির উন্নয়নের সঙ্গে সঙ্গে মানুষের দৈনন্দিন কাজের ধরনেও বড় পরিবর্তন আসতে পারে বলে ধারণা করছেন গবেষকরা।
মন্তব্যসমূহ