সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও সাবেক মন্ত্রী ডা. দীপু মনির স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজের দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) রাজধানীর বনানী কবরস্থানে তাকে দাফন করা হয়।
দাফনের সময় প্যারোলে মুক্তি পাওয়া দীপু মনি উপস্থিত ছিলেন। পরিবারের সদস্যরা জানান, তৌফিক নেওয়াজের কবরের পাশে তার মা খায়রন নেছার কবর রয়েছে।
দাফনের সময় তাদের মেয়ে দ্বীপান্বিতা নেওয়াজ বাবার কবরে মাটি দেন। পরে অনুষ্ঠিত মোনাজাতে দীপু মনি ও উপস্থিত স্বজনরা অংশ নেন। বনানী গোরস্তান মসজিদের ইমাম মাওলানা ওমর ফারুক মোনাজাত পরিচালনা করেন।
এর আগে স্বামীর জানাজায় অংশ নিতে বৃহস্পতিবার সকালে ১২ ঘণ্টার প্যারোলে মুক্তি পান দীপু মনি। সকাল ৬টা ১৫ মিনিটে মুন্সীগঞ্জ জেলা কারাগার থেকে তাকে প্রিজন ভ্যানে করে ঢাকায় আনা হয়।
সকাল সাড়ে ৮টার দিকে তিনি কলাবাগানের বাসায় পৌঁছান। পরে পুলিশি নিরাপত্তার মধ্যে সেখান থেকে তাকে গুলশান আজাদ মসজিদে নেওয়া হয়।
বাদ জোহর আজাদ মসজিদে ব্যারিস্টার তৌফিক নেওয়াজের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার সময় দীপু মনি প্রিজন ভ্যানে অবস্থান করেন। জানাজা শেষে তিনি গাড়ি থেকে নেমে শেষবারের মতো স্বামীর মরদেহ দেখেন। এ সময় সেখানে আবেগঘন পরিবেশ তৈরি হয়।
পরে দুপুরের দিকে দীপু মনিকে বনানী কবরস্থানে নেওয়া হয়। দাফন শেষে তিনি নিজের বাবা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতাদের একজন এম এ ওয়াদুদের কবর জিয়ারত করেন।
কবর জিয়ারত শেষে বৃষ্টির মধ্যে তাকে আবার প্রিজন ভ্যানে তোলা হয়। প্যারোলের সময়সীমা শেষ হওয়ার আগেই তাকে মুন্সীগঞ্জ জেলা কারাগারে ফিরিয়ে নেওয়ার কথা রয়েছে।
উল্লেখ্য, গত মঙ্গলবার রাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ব্যারিস্টার তৌফিক নেওয়াজ মারা যান। স্বামীর শেষকৃত্যে অংশ নেওয়ার সুযোগ দিতে দীপু মনিকে ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয়।
মন্তব্যসমূহ