দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে সর্বাধিক ভোট পাওয়া প্রার্থীর নাম জাতীয় সংসদেই ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচনী কর্মকর্তা ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
বৃহস্পতিবার জাতীয় সংসদের অধিবেশনকক্ষে রাষ্ট্রপতি পদে ভোটগ্রহণ শুরুর আগে দেওয়া বক্তব্যে তিনি এ তথ্য জানান।
সিইসি বলেন, ভোট প্রদান ও ভোট গণনার সময় সংসদ সদস্যরা উপস্থিত থাকতে পারবেন। তিনি রাষ্ট্রপতি নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সংসদ সদস্যদের সহযোগিতা কামনা করেন।
নির্বাচনী কর্মকর্তা হিসেবে দেওয়া বক্তব্যে এ এম এম নাসির উদ্দিন জানান, সংবিধানের ৪৮(১) অনুচ্ছেদ অনুযায়ী সংসদ সদস্যদের ভোটের মাধ্যমে দেশের রাষ্ট্রপতি নির্বাচিত হবেন। এবারের নির্বাচনে দুইজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ভোট দেওয়ার প্রক্রিয়া সম্পর্কে সিইসি বলেন, ব্যালট পেপারে প্রার্থীদের নাম উল্লেখ থাকবে। সংসদ সদস্যরা নিজেদের পূর্ণ নাম স্বাক্ষর করে ব্যালট গ্রহণ করবেন। ব্যালট হাতে পাওয়ার পর সেখানে প্রার্থীদের নাম সঠিকভাবে রয়েছে কি না, তা যাচাই করে ভোট প্রদান করতে হবে।
তিনি জানান, ভোটগ্রহণ শেষ হওয়ার পর ব্যালট গণনা করা হবে। গণনা শেষে যে প্রার্থী সর্বোচ্চ ভোট পাবেন, তার নাম জাতীয় সংসদেই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।
মন্তব্যসমূহ