রাষ্ট্রপতি নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি শেষ হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
বুধবার (১৯ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
সিইসি বলেন, রাষ্ট্রপতি নির্বাচনের জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। নির্বাচন পরিচালনার সঙ্গে সংশ্লিষ্ট সবার সহযোগিতা পাওয়া যাচ্ছে। তার আশা, একটি সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা সম্ভব হবে।
তিনি বলেন, রাষ্ট্রপতি নির্বাচন একটি ঐতিহাসিক ঘটনা। দীর্ঘ সময় পর দেশে আবারও রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, তাই এই নির্বাচন নিয়ে দেশ ও বিশ্বের মানুষের আগ্রহ রয়েছে।
সিইসি জানান, আগামীকাল (২০ আগস্ট) দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৩৪৯ জন সংসদ সদস্য।
তিনি বলেন, ১৯৯১ সালের পর দেশে আর কোনো রাষ্ট্রপতি নির্বাচনে ভোটাভুটি হয়নি। দীর্ঘ বিরতির কারণে নির্বাচন কমিশন ও সংশ্লিষ্ট অনেক প্রতিষ্ঠান এ ধরনের আয়োজনের সঙ্গে নিয়মিতভাবে যুক্ত না থাকলেও প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হয়েছে।
এ এম এম নাসির উদ্দিন জানান, ১৯৯১ সালের রাষ্ট্রপতি নির্বাচন আইন ও বিধিমালা অনুযায়ী এবারের নির্বাচন পরিচালনা করা হচ্ছে। জাতীয় সংসদের অধিবেশন চলমান না থাকায় নির্বাচনের জন্য বিশেষ বৈঠক আহ্বান করা হয়েছে। ওই বৈঠকেই সংসদ সদস্যরা ভোট দেবেন।
তিনি আরও জানান, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার ও বিরোধীদলীয় নেতাসহ সব সংসদ সদস্যই এই নির্বাচনের ভোটার।
সিইসি বলেন, ভোটগ্রহণের শুরুতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার ও বিরোধীদলীয় নেতার ভোট দেওয়ার কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হবে। পরে ভোট গণনার সময়ও সরাসরি সম্প্রচার করা হবে।
তিনি জানান, ভোটার সংসদ সদস্যরা ভোট দেওয়ার পর সংসদ ভবন ত্যাগ করতে বাধ্য নন। তারা চাইলে ভোট গণনার সময় উপস্থিত থাকতে পারবেন। পুরো প্রক্রিয়া স্বচ্ছতার সঙ্গে সম্পন্ন করা হবে।
ভোট গণনা শেষে কোন প্রার্থী কত ভোট পেয়েছেন, কত ভোট বাতিল হয়েছে বা নষ্ট হয়েছে, তার বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে বলে জানান সিইসি।
তিনি বলেন, সংখ্যাগরিষ্ঠ ভোট পাওয়া প্রার্থীর নাম ঘোষণা করা হবে এবং এরপর রাষ্ট্রপতি নির্বাচনের গেজেট প্রকাশ করা হবে।
মন্তব্যসমূহ