দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্রিটেনের অংশ নেওয়ার কোনো যৌক্তিক কারণ ছিল না বলে মন্তব্য করেছেন মার্কিন রক্ষণশীল ভাষ্যকার টাকার কার্লসন। একই সঙ্গে পোল্যান্ডে নাৎসি জার্মানির আগ্রাসনের প্রসঙ্গ তুলে ধরে অ্যাডলফ হিটলারের অবস্থানের পক্ষে কিছু যুক্তিও উপস্থাপন করেছেন তিনি। তার এসব মন্তব্যকে ঘিরে বিতর্ক তৈরি হয়েছে।
সাবেক ব্রিটিশ ব্যবসামন্ত্রী স্যার জ্যাকব রিস-মগের সঙ্গে গত শুক্রবার এক ঘণ্টার এক সাক্ষাৎকারে দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং ইউরোপের সংঘাতে ব্রিটেনের ঐতিহাসিক ভূমিকা নিয়ে আলোচনা করেন কার্লসন।
সাক্ষাৎকারে তিনি বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্রিটেনের কেন লড়াই করা উচিত ছিল, তা তিনি কখনো বুঝতে পারেননি। তার যুক্তি, নাৎসি জার্মানি যখন পোল্যান্ড আক্রমণ করেছিল, তখন পোল্যান্ডের সঙ্গে ব্রিটেনের সরাসরি কোনো সম্পর্ক ছিল না। ফলে পোল্যান্ডকে রক্ষার জন্য ব্রিটেনের যুদ্ধে জড়ানো উচিত হয়নি বলে মন্তব্য করেন তিনি।
কার্লসন আরও বলেন, হিটলারের দাবি ছিল, পোল্যান্ডের প্রায় ১৫ শতাংশ ভূখণ্ড একসময় জার্মানির অংশ ছিল এবং ভার্সাই চুক্তির মাধ্যমে ওই ভূখণ্ড পোল্যান্ডকে দেওয়া হয়েছিল। ওই অঞ্চলে উল্লেখযোগ্য জার্মান জনগোষ্ঠী বসবাস করত বলেও তিনি দাবি করেন।
তবে এসব বক্তব্য তুলে ধরার মাধ্যমে তিনি হিটলারের পক্ষ নিচ্ছেন না বলেও স্পষ্ট করেন কার্লসন।
দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্রিটেনের অংশগ্রহণের সমালোচনা করে তিনি বলেন, ওই যুদ্ধ ব্রিটিশ সাম্রাজ্য ও দেশটির ওপর ব্যাপক ক্ষয়ক্ষতি ডেকে এনেছিল। তার মতে, এত ক্ষতির পরও ব্রিটেন এখনো দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশ নেওয়াকে সঠিক সিদ্ধান্ত হিসেবে উপস্থাপন করে আসছে।
কার্লসন আরও বলেন, ‘হিটলার হঠাৎ করে পোল্যান্ডে ঢুকে পড়েছিলেন—এমন ধারণা মিথ্যা।’ তার দাবি, হিটলার বারবার বলেছিলেন যে তিনি ব্রিটেনের সঙ্গে যুদ্ধে যেতে চান না।
তবে কার্লসনের এই বক্তব্যে বিস্ময় প্রকাশ করেন রিস-মগ। তিনি মন্তব্য করেন, কার্লসন যেন হিটলারের কর্মকাণ্ডের সাফাই দেওয়ার কাছাকাছি চলে যাচ্ছেন।
এর জবাবে কার্লসন ব্যঙ্গ করে বলেন, ‘হ্যাঁ, মনে হয় আমি গোপন নাৎসি।’ এরপরই তিনি স্পষ্ট করে বলেন, তিনি কোনোভাবেই নাৎসি নন।
দ্বিতীয় বিশ্বযুদ্ধ, হিটলারের পোল্যান্ড আক্রমণ এবং যুদ্ধে ব্রিটেনের ভূমিকা নিয়ে কার্লসনের এসব মন্তব্যের কারণে ইতিহাসের ওই অধ্যায়কে নতুন করে বিতর্কের কেন্দ্রে আনা হয়েছে।
মন্তব্যসমূহ