যুক্তরাষ্ট্র অন্তর্বর্তীকালীন চুক্তির শর্ত পূরণ না করা পর্যন্ত কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বন্ধ রাখার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পার্লামেন্ট স্পিকার ও দেশটির প্রধান শান্তি আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ।
মঙ্গলবার (১৮ আগস্ট) ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
গালিবাফ বলেন, যুক্তরাষ্ট্র চুক্তির নির্ধারিত শর্তগুলো পূরণ না করলে হরমুজ প্রণালি পুনরায় চালুর বিষয়ে কোনো সিদ্ধান্ত পরিবর্তন হবে না। তিনি জানান, চুক্তির শর্তগুলোর মধ্যে রয়েছে নৌ অবরোধ প্রত্যাহার, বিভিন্ন নিষেধাজ্ঞা তুলে নেওয়া এবং ইরানের জব্দ করা সম্পদ ফেরত দেওয়া।
ইরানের পার্লামেন্ট স্পিকার বলেন, এসব বিষয়ে যুক্তরাষ্ট্রকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। শর্ত পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ রাখার অবস্থানে তেহরান অটল থাকবে।
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হিসেবে পরিচিত হরমুজ প্রণালি ঘিরে দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ রয়েছে। এই নৌপথে অস্থিরতা তৈরি হলে বৈশ্বিক জ্বালানি বাজারেও এর প্রভাব পড়তে পারে।
ইরানের এই বক্তব্যের পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।
সূত্র: রয়টার্স
মন্তব্যসমূহ