নারীদের নিরাপদ ও আরামদায়ক যাতায়াত নিশ্চিত করতে ঢাকাসহ তিন জেলায় বিশেষ ‘পিংক বাস’ সেবা চালু করেছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)।
মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর তেজগাঁওয়ে বিআরটিসির ঢাকা ট্রাক ডিপোতে আয়োজিত অনুষ্ঠানে এ সেবার উদ্বোধন করেন সড়ক, রেল ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।
উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী বলেন, নারীদের যাতায়াত আরও নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতে প্রয়োজন অনুযায়ী নতুন রুটে বাস চালুর পাশাপাশি বাসের সংখ্যাও বাড়ানো হবে।
তিনি বলেন, শুধু একটি নতুন সেবা চালু করাই যথেষ্ট নয়, সেটিকে নিয়মিত উন্নত ও কার্যকর রাখতে হবে। নারী যাত্রীরা যেন বাসে ওঠা থেকে শুরু করে গন্তব্যে পৌঁছানো পর্যন্ত নিরাপদ পরিবেশ পান, তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব।
শেখ রবিউল আলম বলেন, অপেক্ষার স্থান, বাসে ওঠা-নামা এবং পুরো যাত্রাপথে নারীরা যাতে কোনো ধরনের অস্বস্তিকর পরিস্থিতির মুখোমুখি না হন, সেদিকে বিশেষ নজর দেওয়া হবে।
বিআরটিসি জানিয়েছে, প্রাথমিকভাবে ১৪টি বাস দিয়ে এই বিশেষ সেবা চালু করা হয়েছে। এর মধ্যে ঢাকার বিভিন্ন রুটে ১০টি, চট্টগ্রামে দুটি এবং বগুড়ায় দুটি বাস চলবে। ঢাকার ১০টি বাসের মধ্যে একটি একতলা এবং নয়টি দ্বিতল বাস রয়েছে।
ঢাকায় পিংক বাস চলবে নতুন বাজার (কোকা-কোলা)-মতিঝিল, তালতলা-মতিঝিল, ডেমরা স্টাফ কোয়ার্টার-জিপিও, মিরপুর ১০-মতিঝিল, মিরপুর-মতিঝিল, মিরপুর ১২-মতিঝিল, মোহাম্মদপুর-মতিঝিল, আবদুল্লাহপুর-মতিঝিল এবং গাজীপুর-এবিআরসহ কয়েকটি রুটে।
এ ছাড়া নারায়ণগঞ্জ-ঢাকা, বগুড়ার শেরপুর-মাটিডালি এবং চট্টগ্রামের কালুরঘাট-পতেঙ্গা রুটেও এই সেবা চালু করা হয়েছে।
মন্ত্রী জানান, ভবিষ্যতে নারী যাত্রীদের জন্য এই সেবার পরিধি আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে ২০০টি ই-বাসের মধ্যে ১০০টি বাস নারীদের জন্য বিভিন্ন রুটে ব্যবহারের উদ্যোগ নেওয়া হচ্ছে।
তিনি বলেন, পরিবেশবান্ধব ও আধুনিক গণপরিবহন ব্যবস্থা গড়ে তুলতে ই-বাস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নারী যাত্রীদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি দেশের যোগাযোগ ব্যবস্থাকে আরও উন্নত করাই সরকারের লক্ষ্য।
অনুষ্ঠানে সড়ক ও মহাসড়ক বিভাগ, রেলপথ মন্ত্রণালয়, বিআরটিসি এবং সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মন্তব্যসমূহ