ময়মনসিংহ নগরীর গন্ডপাড়া এলাকায় সিএনজিচালিত অটোরিকশায় যাত্রীবাহী বাসের ধাক্কায় সাতজন নিহত হয়েছেন।
শুক্রবার (২ অক্টোবর) দুপুর সোয়া ১টার দিকে নগরীর ২৯ নম্বর ওয়ার্ডের গন্ডপাড়া এলাকায় বাংলাদেশ ব্যাংকের সামনে এ দুর্ঘটনা ঘটে।
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শিবিরুল ইসলাম জানান, যাত্রীবোঝাই সিএনজিচালিত অটোরিকশাটি ময়মনসিংহ শহরের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা রাজীব পরিবহনের একটি যাত্রীবাহী বাস অটোরিকশাটিকে ধাক্কা দেয়।
ধাক্কায় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই সাতজনের মৃত্যু হয় বলে জানান ওসি।
পুলিশ জানিয়েছে, নিহতদের মধ্যে নারী, শিশু ও পুরুষ রয়েছেন। তাদের মধ্যে চারজনের বাড়ি জামালপুরের নান্দিনা এলাকায় বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের কারও নাম-পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।
দুর্ঘটনার পর ঘটনাস্থলে পুলিশসহ সংশ্লিষ্টরা উপস্থিত হন। দুর্ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ এবং নিহতদের পরিচয় শনাক্তের কাজ চলছে।
মন্তব্যসমূহ