মহাসড়কে শৃঙ্খলা ফেরানো এবং পরিবহন খাতে চাঁদাবাজি কমাতে দেশে প্রথমবারের মতো চালু করা হয়েছে এআই প্রযুক্তিনির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ ক্যামেরা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, এখন থেকে মহাসড়কে ট্রাফিক আইন ভঙ্গ করলে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে মামলা তৈরি হবে।
মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মেঘনাঘাট এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এই অটো ফাইন সিস্টেম ক্যামেরার উদ্বোধন করেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মহাসড়কের চাঁদাবাজি মালিক বা শ্রমিক যে পক্ষ থেকেই হোক না কেন, এআই ক্যামেরার মাধ্যমে সবকিছু রেকর্ড থাকবে। এর ফলে চাঁদাবাজির প্রবণতা কমে আসবে।
তিনি আরও বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসহ দেশের কোনো মহাসড়কে আর থ্রি-হুইলার চলতে দেওয়া হবে না। এসব যানবাহন শুধু বাজার, ফিলিং স্টেশন ও ফিডার রোডে চলাচল করতে পারবে। মহাসড়কে উঠলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশের হাইওয়ে বিভাগ জানিয়েছে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চালু হওয়া এআই ক্যামেরা ওভারস্পিড, অবৈধ পার্কিং এবং উল্টো পথে গাড়ি চালানোর মতো আইন লঙ্ঘন স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত করবে।
আইন ভঙ্গের তথ্য শনাক্ত হলে গাড়ির নিবন্ধিত মালিকের মোবাইল নম্বরে মামলার তথ্য ও জরিমানার নোটিশ পাঠানো হবে। নির্ধারিত মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) মাধ্যমে ঘরে বসেই জরিমানার অর্থ পরিশোধ করা যাবে।
কর্তৃপক্ষ জানিয়েছে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এই ব্যবস্থার কার্যক্রম পর্যবেক্ষণ করা হবে। কোনো ত্রুটি পাওয়া গেলে তা সংশোধনের পর দেশের অন্যান্য মহাসড়কেও এআইভিত্তিক এই ব্যবস্থা চালুর পরিকল্পনা রয়েছে।
উদ্বোধন অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, পুলিশের আইজিপি মো. আলী হোসেন ফকির, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি শিমুল বিশ্বাসসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মন্তব্যসমূহ