ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় জাম্বোয়াঙ্গা সিটিতে একটি উচ্চবিদ্যালয়ে গুলির ঘটনায় অন্তত চারজন নিহত ও নয়জন আহত হয়েছেন।
মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে আতেনেও দে জাম্বোয়াঙ্গা উচ্চবিদ্যালয়ে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম দ্য ম্যানিলা টাইমস।
পুলিশ জানায়, ক্লাস শুরুর কিছুক্ষণ আগে স্কুল প্রাঙ্গণে গুলির ঘটনা ঘটে। দেশটির ন্যাশনাল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এনবিআই) জানিয়েছে, নিহতদের মধ্যে দুই শিক্ষার্থী ও দুই নিরাপত্তাকর্মী রয়েছেন। আহত হয়েছেন আরও নয়জন।
প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে, হামলার ঘটনায় সন্দেহভাজন একজন শিক্ষার্থী। তিনি ওই বিদ্যালয়ের চতুর্থ বর্ষের ছাত্র বলে জানা গেছে।
কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, সন্দেহভাজন শিক্ষার্থী একটি পিস্তল ও একটি রাইফেল নিয়ে স্কুল ক্যাম্পাসে প্রবেশ করেন। পরে একটি শ্রেণিকক্ষের ভেতরে গুলি চালান বলে অভিযোগ রয়েছে।
জাম্বোয়াঙ্গা সিটির মেয়র খাইমার আদান ওলাসো জানান, সন্দেহভাজন হামলাকারী ও নিহতদের একজন একই বিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন।
ঘটনার পর ধারণ করা ভিডিওতে শিক্ষার্থীদের আতঙ্কিত হয়ে স্কুল ভবন থেকে বেরিয়ে যেতে দেখা যায়। এ সময় গুলির শব্দও শোনা যায়।
পুলিশ ও তদন্তকারী সংস্থার সদস্যরা ঘটনাস্থলে কাজ করছেন। হামলার উদ্দেশ্য, নিরাপত্তাব্যবস্থার ঘাটতি এবং সন্দেহভাজনের বিরুদ্ধে পরবর্তী আইনি পদক্ষেপের বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে।
কর্তৃপক্ষ এখনো নিহত ও আহতদের বিস্তারিত পরিচয় প্রকাশ করেনি।
মন্তব্যসমূহ