গত ১৭ বছর আওয়ামী লীগ সরকারের সময়ে দেশের শিক্ষাব্যবস্থায় চরম অবনতি হয়েছিল বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রিংকু। তিনি বলেন, বর্তমান সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। এ কারণে এবারের বাজেটে শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ রাখা হয়েছে।
রোববার (১৬ আগস্ট) দুপুরে নিজের নির্বাচনী এলাকা ফরিদপুরের সালথা উপজেলা অডিটরিয়ামে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে স্কুলড্রেস, পাটের তৈরি স্কুলব্যাগ ও জুতা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শামা ওবায়েদ বলেন, শুধু শিক্ষার সুযোগ নিশ্চিত করলেই হবে না, এর পাশাপাশি কর্মসংস্থানের ব্যবস্থাও করতে হবে। দেশের সন্তানরা যাতে কারিগরি শিক্ষা গ্রহণ করে দেশে ও বিদেশে কাজের সুযোগ পায়, সে লক্ষ্যে সরকার প্রয়োজনীয় উদ্যোগ নিচ্ছে।
শিক্ষাক্ষেত্রে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ভূমিকার কথা তুলে ধরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, তিনি মেয়েদের প্রাথমিক থেকে উচ্চমাধ্যমিক পর্যন্ত বিনামূল্যে শিক্ষার সুযোগ করে দিয়েছিলেন এবং শিক্ষা মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছিলেন।
তিনি আরও বলেন, খালেদা জিয়ার ছেলে ও উত্তরসূরি প্রধানমন্ত্রী তারেক রহমান সেই উদ্যোগকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে শিক্ষার সুযোগ আরও চার বছর বাড়িয়ে গ্র্যাজুয়েশন পর্যন্ত নিয়ে গেছেন।
সন্তানদের সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে মাদকমুক্ত সমাজ গড়ে তোলার ওপরও গুরুত্ব দেন শামা ওবায়েদ। তিনি বলেন, মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। একই সঙ্গে সন্তানদের নিয়মিত পড়াশোনায় মনোযোগী করতে অভিভাবকদেরও ভূমিকা রাখতে হবে।
তিনি বলেন, সন্তানদের সুশিক্ষিত ও যোগ্য মানুষ হিসেবে গড়ে তুলতে পারলে তারা ভবিষ্যতে দেশ পরিচালনা ও দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।
অনুষ্ঠানে সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. দবির উদ্দিন সভাপতিত্ব করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. শাহিনুল ইসলাম।
এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আফরোজা সুলতানা, সহকারী পুলিশ সুপার মুহাম্মদ আল ফাহাদ, সালথা থানার ওসি মো. বাবলুর রহমান খান, উপজেলা শিক্ষা কর্মকর্তা তাশেম উদ্দিন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, সাবেক ভাইস চেয়ারম্যান মো. আছাদ মাতুব্বর, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদ, যুবদল নেতা এনায়েত হোসেন, হাসান আশরাফসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
মন্তব্যসমূহ