কাদিয়ানি সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা, তাদের সব ধরনের প্রকাশনা ও প্রচারণা বন্ধ এবং মাওলানা সাদ কান্ধলভীর বাংলাদেশে প্রবেশে নিষেধাজ্ঞা জারিসহ ৯ দফা দাবি জানিয়েছে আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশ।
শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন থেকে এসব দাবি জানানো হয়। সম্মেলনে দেশের বিভিন্ন এলাকার আলেম, উলামা-মাশায়েখ ও ধর্মীয় ব্যক্তিত্বরা অংশ নেন।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ এমপির লিখিত বক্তব্য পাঠ করা হয়। সেখানে তিনি বলেন, হজরত মুহাম্মদ (সা.) সর্বশেষ নবী এবং খতমে নবুওয়তের আকিদা ইসলামের মৌলিক বিশ্বাসের অংশ।
কাদিয়ানি সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবির বিষয়ে ধর্মমন্ত্রী বলেন, সম্মেলন থেকে উত্থাপিত দাবিগুলো বাস্তবায়নে ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্বে থেকে এবং ব্যক্তিগতভাবে তিনি সর্বাত্মক চেষ্টা চালাবেন।
সম্মেলনের ঘোষণাপত্রে জাতীয় সংসদে আইন প্রণয়নের মাধ্যমে কাদিয়ানিদের ‘অমুসলিম সম্প্রদায়’ ঘোষণার দাবি জানানো হয়। পাশাপাশি মসজিদ, আজান, সালাত, ইমাম ও খলিফাসহ মুসলমানদের ধর্মীয় পরিভাষা ব্যবহারে তাদের নিষেধাজ্ঞা দেওয়ার দাবি তোলা হয়েছে।
এ ছাড়া কাদিয়ানিদের বই, ম্যাগাজিন, ডিজিটাল কনটেন্ট, অ্যাপস ও ওয়েবসাইটসহ সব ধরনের প্রচারমাধ্যম বন্ধের দাবি জানানো হয়। জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্টে তাদের ধর্মীয় পরিচয় ‘কাদিয়ানি’ হিসেবে উল্লেখ করার দাবিও রয়েছে ঘোষণাপত্রে।
ঘোষণাপত্রে মাওলানা সাদ কান্ধলভীর বাংলাদেশে প্রবেশে নিষেধাজ্ঞা এবং সাদপন্থীদের ইজতেমার অনুমতি না দেওয়ার দাবিও জানানো হয়েছে।
একই সঙ্গে আগামী ছয় মাসে দেশের বিভিন্ন জেলা ও বিভাগে খতমে নবুওয়ত সমাবেশ, প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান এবং ঢাকায় আন্তর্জাতিক মহাসমাবেশ আয়োজনের কর্মসূচি ঘোষণা করা হয়।
সম্মেলনে প্রধান অতিথি ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী।
মন্তব্যসমূহ