ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে ৭ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। শনিবার (১৫ আগস্ট) ভোরে পূর্ব নুসা তেংগারা প্রদেশের ফ্লোরেস অঞ্চলে আঘাত হানা এই ভূমিকম্পে অন্তত দুজনের মৃত্যু হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কিছু ঘরবাড়ি ও স্থাপনা।
ইন্দোনেশিয়ার আবহাওয়া, জলবায়ু ও ভূ-পদার্থবিজ্ঞান সংস্থা (বিএমকেজি) জানিয়েছে, স্থানীয় সময় ভোর ৪টা ৫৮ মিনিটের দিকে ভূমিকম্পটি অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭ দশমিক ৭ এবং গভীরতা ছিল ১৫ কিলোমিটার। ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল পূর্ব নুসা তেংগারার নাগেওকেও এলাকার এমবায় শহর থেকে প্রায় ৩০ কিলোমিটার উত্তর-পূর্বে।
প্রবল কম্পনের পর আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। অনেকে ঘরবাড়ি ছেড়ে খোলা জায়গা ও উঁচু স্থানে আশ্রয় নেন। কয়েকটি এলাকায় ভবন ও ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে। সিক্কা রিজেন্সিতে অন্তত দুজন নিহত এবং একজন আহত হওয়ার তথ্য জানিয়েছে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা।
ভূমিকম্পের পর সুনামির আশঙ্কায় পূর্ব নুসা তেংগারাসহ আশপাশের কয়েকটি অঞ্চলে সতর্কতা জারি করে বিএমকেজি। উপকূলীয় এলাকার বাসিন্দাদের নিরাপদ ও উঁচু স্থানে সরে যেতে বলা হয়। বিভিন্ন স্থানে এক মিটারের কম উচ্চতার ঢেউও রেকর্ড করা হয়। পরিস্থিতি পর্যবেক্ষণের পর প্রায় তিন ঘণ্টা পর সুনামি সতর্কতা প্রত্যাহার করা হয়।
মূল ভূমিকম্পের পর বেশ কয়েকটি আফটারশক অনুভূত হয়েছে। কর্তৃপক্ষ বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে উদ্ধার ও ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ চলছে।
সূত্র : রয়টার্স
মন্তব্যসমূহ