কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির কার্যক্রম দীর্ঘদিন ধরে একটি জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ ভবনে পরিচালিত হচ্ছে। ভবনের বিভিন্ন অংশে প্লাস্টার খসে পড়ছে এবং দেয়ালে বড় বড় ফাটল দেখা দেওয়ায় সেখানে কর্মরত পুলিশ সদস্যদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।
সরেজমিনে দেখা যায়, প্রায় দেড় যুগ আগে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের আমতলী গ্রামের হাইওয়ে সড়কের পাশে নির্মিত ফাঁড়ি ভবনটি বর্তমানে মারাত্মক ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। ভবনের ভেতর ও বাইরে বিভিন্ন অংশ ভেঙে পড়ছে, সিমেন্ট খসে পড়ে ভেতরের রড পর্যন্ত দৃশ্যমান হয়ে গেছে। বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। বৃষ্টির সময় ছাদ দিয়ে চুঁইয়ে চুঁইয়ে পানি ভেতরে প্রবেশ করে, ফলে স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, ভবনটি এখন ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। সামান্য কম্পন বা ভারী বৃষ্টিপাতেই বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়।
হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির কনস্টেবল শফিক বলেন, ভবনটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। সামান্য কম্পন বা ভারী বৃষ্টিতে ঝুঁকি আরও বেড়ে যায়। দেয়ালে বড় বড় ফাটল দেখা দিয়েছে এবং বৃষ্টিতে ছাদ থেকে পানি পড়ে।
ফাঁড়িতে সেবা নিতে আসা আব্দুস সালাম বলেন, ভবনের বিভিন্ন অংশে ফাটল ও ভাঙন স্পষ্ট। এমন ঝুঁকিপূর্ণ পরিবেশে পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছেন, যা উদ্বেগজনক। তাদের নিরাপত্তা নিশ্চিত করাই এখন সবচেয়ে জরুরি।
এ বিষয়ে কক্সবাজার জেলা পুলিশ সুপার (এসপি) এ. এন. এম. সাজেদুর রহমান বলেন, হোয়াইক্যং পুলিশ ফাঁড়িসহ আরও কিছু ভবন ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এগুলো সংস্কারের চেষ্টা চলছে, তবে অত্যন্ত ঝুঁকিপূর্ণ হওয়ায় পুরোপুরি সংস্কার করা সম্ভব হচ্ছে না। নতুন ভবন নির্মাণের জন্য উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও তিনি জানান।
এদিকে স্থানীয়রা দ্রুত নতুন ভবন নির্মাণের দাবি জানিয়েছেন, যাতে পুলিশ সদস্যরা নিরাপদ পরিবেশে দায়িত্ব পালন করতে পারেন এবং সেবাগ্রহীতারাও নিরাপদে সেবা নিতে পারেন।
মন্তব্যসমূহ