২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্য নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের পরিকল্পনার প্রশংসা করেছেন সফররত মার্কিন ব্যবসায়ী প্রতিনিধিদলের নেতা ও ইউএস চেম্বার অব কমার্সের জ্যেষ্ঠ কর্মকর্তা রাষ্ট্রদূত অতুল কেশপ। বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনা কাজে লাগাতে মার্কিন বেসরকারি খাত বিনিয়োগ ও প্রযুক্তির মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলেও মন্তব্য করেছেন তিনি।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এসব কথা বলেন অতুল কেশপ।
তিনি জানান, যুক্তরাষ্ট্রের ২৫টি শীর্ষস্থানীয় কোম্পানির ৫০ জন ব্যবসায়িক নির্বাহী এই প্রতিনিধিদলে অংশ নিয়েছেন। বাংলাদেশে মার্কিন কোম্পানিগুলোর বিনিয়োগের দীর্ঘ ইতিহাস রয়েছে এবং ভবিষ্যতেও এই অংশীদারত্ব আরও সম্প্রসারণের সুযোগ রয়েছে বলে মনে করেন তারা।
বৈঠকে বাংলাদেশের ভবিষ্যৎ অর্থনৈতিক পরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য শোনার কথা জানিয়ে অতুল কেশপ বলেন, ২০৩৪ সালের মধ্যে দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত করার লক্ষ্য সম্পর্কে তারা ইতিবাচক। বাংলাদেশের মানুষের দক্ষতা, মেধা ও সম্ভাবনাকে কাজে লাগাতে মার্কিন বেসরকারি খাত বিনিয়োগ এবং উন্নত প্রযুক্তি নিয়ে এগিয়ে আসতে পারে।
বাংলাদেশে নতুন কর্মসংস্থান সৃষ্টি, সামাজিক উন্নয়ন এবং সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা ধরে রাখার বিষয়ে সরকারের পরিকল্পনাকেও ইতিবাচকভাবে দেখছে মার্কিন প্রতিনিধিদল।
অতুল কেশপ জানান, বৈঠক থেকে পাওয়া ইতিবাচক বার্তা তারা যুক্তরাষ্ট্রে ইউএস চেম্বার অব কমার্স এবং সংশ্লিষ্ট মার্কিন কোম্পানিগুলোর কাছে তুলে ধরবেন। এর মাধ্যমে বাংলাদেশে আরও মার্কিন বিনিয়োগ আকৃষ্ট হওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে বলে আশা করছেন তারা।
তিনি আরও বলেন, কয়েক দশক ধরে মার্কিন কোম্পানিগুলো বাংলাদেশে ব্যবসা পরিচালনার পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি ও সরকারের রাজস্ব আয়ে ভূমিকা রেখে আসছে। আগামী দিনেও বাংলাদেশের সরকার ও জনগণের সঙ্গে অর্থনৈতিক অংশীদারত্ব অব্যাহত রাখার বিষয়ে মার্কিন ব্যবসায়ীরা আগ্রহী।
বৈঠকে দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানো, প্রযুক্তিগত সহযোগিতা এবং বাংলাদেশের দীর্ঘমেয়াদি অর্থনৈতিক সম্ভাবনাসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে।
মন্তব্যসমূহ