প্রয়াত আরাফাত রহমান কোকোর মৃত্যু নিয়ে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দাবি করেছেন, রাজনৈতিক নিপীড়নের চূড়ান্ত বহিঃপ্রকাশের মধ্য দিয়েই তার মৃত্যু হয়েছিল।
বুধবার (১২ আগস্ট) সকালে রাজধানীর বনানীতে আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মবার্ষিকী উপলক্ষে তার কবরে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন রিজভী।
তিনি অভিযোগ করেন, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরিবারের সদস্যদের পরিকল্পিতভাবে রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করা হয়েছিল। তার দাবি, জিয়া পরিবারের জনপ্রিয়তা ও রাজনৈতিক প্রভাব তৎকালীন সরকার মেনে নিতে পারেনি।
জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধের ভূমিকা উল্লেখ করে রিজভী বলেন, স্বাধীনতার ঘোষক হিসেবে তার ভূমিকা এবং মুক্তিযুদ্ধে অবদান দেশের ইতিহাসের গুরুত্বপূর্ণ অংশ। একই সঙ্গে তিনি বেগম খালেদা জিয়া ও তার সন্তানদের রাজনৈতিক নির্যাতনের শিকার হওয়ার কথাও তুলে ধরেন।
শেখ হাসিনার সমালোচনা করে রিজভী দাবি করেন, জিয়া পরিবারের ওপর ধারাবাহিক চাপ ও নির্যাতন চালানো হয়েছিল। তিনি আরও বলেন, তারেক রহমানও রাজনৈতিক নির্যাতনের শিকার হয়ে চিকিৎসার জন্য দীর্ঘদিন লন্ডনে অবস্থান করেছিলেন।
বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের বিভিন্ন পদক্ষেপের প্রশংসা করে রিজভী বলেন, ক্ষমতা গ্রহণের পর থেকেই জনকল্যাণমূলক বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে উদ্যোগ নেওয়া হয়েছে।
আরাফাত রহমান কোকোর ক্রীড়া সংগঠক হিসেবে ভূমিকার কথাও স্মরণ করেন রিজভী। তিনি বলেন, কোকো এমন একটি ক্রীড়া ব্যবস্থা চেয়েছিলেন যেখানে একজন ক্রীড়াবিদ নিজের পেশা হিসেবে খেলাধুলাকে বেছে নিয়ে সম্মানজনক জীবিকা নির্বাহ করতে পারেন।
রিজভী আশা প্রকাশ করেন, বর্তমান সরকার ও ক্রীড়া মন্ত্রণালয় কোকোর ক্রীড়াবিষয়ক চিন্তা ও পরিকল্পনাগুলো বাস্তবায়নে কাজ করবে।
মন্তব্যসমূহ