নীলফামারীর ডিমলায় স্থানীয়দের তৈরি একটি জরাজীর্ণ কাঠের সাঁকো পরিদর্শনে গিয়ে দুর্ঘটনার মুখে পড়েছেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির অধ্যক্ষ আব্দুস সাত্তার এবং তার সঙ্গে থাকা নেতাকর্মীরা। সাঁকোর একাংশ ভেঙে কয়েকজন নিচে পড়ে আহত হলেও সংসদ সদস্য অক্ষত রয়েছেন।
বুধবার (১২ আগস্ট) সকালে উপজেলার নাউতারা ইউনিয়নের নাটাবাড়ী এলাকায় নাউতারা নদীর ওপর নির্মিত কাঠের সাঁকো পরিদর্শনের সময় এ ঘটনা ঘটে।
স্থানীয়দের ভাষ্য, ওই স্থানে স্থায়ী সেতু না থাকায় দীর্ঘদিন ধরে যাতায়াতে দুর্ভোগ পোহাতে হচ্ছে বাসিন্দাদের। সমস্যা সমাধানে স্থানীয়রা নিজেদের অর্থায়নে কাঠের সাঁকোটি তৈরি করেছিলেন।
বুধবার সংসদ সদস্য আব্দুস সাত্তার কয়েকজন রাজনৈতিক নেতাকর্মীকে সঙ্গে নিয়ে সাঁকোটি দেখতে যান। একসঙ্গে বেশ কয়েকজন সাঁকোর ওপর ওঠার পর হঠাৎ পেছনের একটি অংশ ভেঙে পড়ে। এতে কয়েকজন নিচে পড়ে যান।
নাউতারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশিক ইমতিয়াজ মোর্শেদ জানান, স্থানীয়দের অর্থায়নে সাঁকোটি তৈরি করা হয়েছিল। সংসদ সদস্য সেটি পরিদর্শনে গেলে তার সঙ্গে অনেকেই সাঁকোর ওপর ওঠেন। একপর্যায়ে কাঠামোর একটি অংশ ভেঙে কয়েকজন নিচে পড়ে যান।
সংসদ সদস্য আব্দুস সাত্তার জানান, সাঁকোটি আগে থেকেই ঝুঁকিপূর্ণ ছিল। পরিদর্শনের সময় পেছনের অংশ ভেঙে পড়ায় কয়েকজন নিচে পড়ে যান। এ ঘটনায় দুজন আহত হয়েছেন। তবে বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি।
তিনি আরও জানান, ওই স্থানে সরকারি অর্থায়নে স্থায়ী সেতু নির্মাণের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করবেন।
মন্তব্যসমূহ