দীর্ঘদিনের সম্পর্কের পর বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন পর্তুগিজ ফুটবল তারকা ক্রিস্টিয়ানো রোনালদো ও জর্জিনা রদ্রিগেজ। মঙ্গলবার (১১ আগস্ট) পর্তুগালের কাসকাইসে ঘরোয়া পরিসরে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে বলে রোনালদোর প্রতিনিধিদের বরাতে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম।
রোনালদো ও জর্জিনা প্রায় এক দশক ধরে একসঙ্গে আছেন। গত বছরের ১১ আগস্ট নিজেদের বাগদানের খবর প্রকাশ্যে এনেছিলেন তারা। ঠিক এক বছর পর আনুষ্ঠানিকভাবে বিয়ে সম্পন্ন করলেন এই জুটি।
বিয়ের অনুষ্ঠানটি ছিল সীমিত পরিসরের। পরিবারের সদস্য ও সন্তানরা এতে উপস্থিত ছিলেন বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। কাসকাইসেই রোনালদোর একটি বাড়ি নির্মাণাধীন রয়েছে এবং সাম্প্রতিক বছরগুলোতে পরিবারটি এই এলাকায় নিয়মিত সময় কাটিয়েছে।
জর্জিনা রদ্রিগেজের জন্ম আর্জেন্টিনার বুয়েনস এইরেসে। ২০১৬ সালে স্পেনের মাদ্রিদে একটি গুচি স্টোরে কাজ করার সময় রোনালদোর সঙ্গে তার পরিচয় হয়। পরের বছর তাদের সম্পর্ক প্রকাশ্যে আসে।
এর আগে রোনালদো-জর্জিনার বিয়ে নিয়ে পর্তুগালে ব্যাপক গুঞ্জন ছড়িয়েছিল। বিশেষ করে মাদেইরার ফুনশাল ক্যাথেড্রালসহ কয়েকটি সম্ভাব্য ভেন্যুর নাম সামনে এসেছিল। তবে শেষ পর্যন্ত কাসকাইসেই তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
৪১ বছর বয়সী রোনালদো বর্তমানে সৌদি আরবের আল নাসরের হয়ে খেলছেন। দীর্ঘ ক্যারিয়ারে ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ ও জুভেন্টাসের মতো ক্লাবেও খেলেছেন তিনি।
মন্তব্যসমূহ