কেরানীগঞ্জে একটি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়ে বন ও পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেছেন, শুধু গাছ লাগালেই জলবায়ু সুরক্ষা সম্ভব নয়, রোপণ করা গাছের যথাযথ পরিচর্যা ও সংরক্ষণও নিশ্চিত করতে হবে।
মঙ্গলবার (১১ আগস্ট) সকালে কেরানীগঞ্জের নয়াবাজার ডিগ্রি কলেজ মাঠে রোটারি ক্লাব আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে বক্তব্য দেওয়ার সময় তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাংলাদেশ বিশ্বের অন্যতম ঝুঁকিপূর্ণ দেশ। পরিবর্তিত আবহাওয়া ও পরিবেশগত নানা সংকট মোকাবিলায় দেশজুড়ে বৃক্ষরোপণের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
তিনি বলেন, কাঙ্ক্ষিত ৫ কোটি গাছ টিকিয়ে রাখতে হলে এর চেয়ে অনেক বেশি সংখ্যক গাছের চারা রোপণ করতে হবে। এ জন্য অন্তত ৩০ কোটি গাছ লাগানোর পাশাপাশি রোপণ করা চারাগুলোর নিয়মিত পরিচর্যা ও সুরক্ষা নিশ্চিত করা প্রয়োজন।
শেখ ফরিদুল ইসলাম বলেন, গাছের সঠিক পরিচর্যা করা না হলে বড় ধরনের বৃক্ষরোপণ কর্মসূচিও প্রত্যাশিত ফল দেবে না। তাই রোপণের পর চারাগুলো যাতে বেড়ে উঠতে পারে, সে বিষয়েও সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
অনুষ্ঠানে বক্তব্য শেষে স্থানীয় সংসদ সদস্য আমানউল্লাহ আমানকে সঙ্গে নিয়ে কলেজ প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলদ ও বনজ গাছের চারা রোপণ করেন প্রতিমন্ত্রী।
এ সময় কেরানীগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. উমর ফারুক, নয়াবাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুল রাজ্জাক মিয়া, শিক্ষক-শিক্ষার্থী, রোটারি ক্লাব অব গুলশান এভিনিউর নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
মন্তব্যসমূহ