রাষ্ট্রপতি নির্বাচনে কোনো সংসদ সদস্য নিজ দলের মনোনীত প্রার্থীর পরিবর্তে অন্য প্রার্থীকে ভোট দিলে তা সংবিধানের ৭০ অনুচ্ছেদের আওতায় পড়বে কি না—এটি রাজনৈতিক বিষয় বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ।
মঙ্গলবার (১১ আগস্ট) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সংসদ সচিবালয় ও নির্বাচন কমিশন সচিবালয়ের কর্মকর্তাদের নিয়ে আয়োজিত যৌথ প্রস্তুতিমূলক বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আখতার আহমেদ বলেন, দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দেওয়া বা ক্রস ভোটিংয়ের বিষয়টি রাজনৈতিক নেতৃত্বের সিদ্ধান্ত ও আলোচনার সঙ্গে সম্পৃক্ত। এটি রাষ্ট্রপতি নির্বাচনের কারিগরি কিংবা আইনগতভাবে ভোট পরিচালনার প্রক্রিয়ার অংশ নয়। নির্বাচন কমিশনের দায়িত্ব হলো নির্ধারিত বিধি অনুযায়ী স্বচ্ছ ও সুষ্ঠুভাবে ভোটগ্রহণ সম্পন্ন করা।
বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচন ২০২৬-এর ভোটগ্রহণের সার্বিক প্রস্তুতি ও ব্যবস্থাপনা চূড়ান্ত করা হয়। তফসিল অনুযায়ী আগামী ২০ আগস্ট দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদের অধিবেশন কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
ভোটের সময় সংসদ সদস্যরা অধিবেশন কক্ষে নিজ নিজ আসনে অবস্থান করবেন। নির্বাচন কমিশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা সরাসরি তাদের কাছে ব্যালট পেপার পৌঁছে দেবেন। ভোটারদের সুবিধার জন্য অধিবেশন কক্ষে তিনটি স্বচ্ছ ব্যালট বাক্স স্থাপন করা হবে।
সাংবাদিকরা জানতে চান, কোনো রাজনৈতিক দল পৃথক প্রার্থী মনোনয়ন দিলে এবং সেই দলের কোনো সংসদ সদস্য দলীয় প্রার্থীর পরিবর্তে অন্য প্রার্থীকে ভোট দিলে তার ভোট বৈধ হিসেবে গণ্য হবে কি না। একই সঙ্গে এমন ভোটের ক্ষেত্রে সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী সংসদ সদস্যের আসন শূন্য হওয়া বা অন্য কোনো আইনি ব্যবস্থা নেওয়ার সম্ভাবনা রয়েছে কি না, সে বিষয়েও প্রশ্ন করা হয়।
জবাবে ইসি সচিব বলেন, এ ধরনের রাজনৈতিক সিদ্ধান্ত বা ক্রস ভোটিংয়ের বিষয় কমিশনের নির্বাচনী কার্যক্রম পরিচালনার কারিগরি ও আইনগত কাঠামোর মধ্যে পড়ে না। বিষয়টি রাজনৈতিক নেতৃত্বের সঙ্গে সংশ্লিষ্ট।
সংবিধানের ৭০ অনুচ্ছেদে বলা হয়েছে, কোনো রাজনৈতিক দলের প্রার্থী হিসেবে নির্বাচিত সংসদ সদস্য দল থেকে পদত্যাগ করলে অথবা সংসদে ওই দলের বিপক্ষে ভোট দিলে তার আসন শূন্য হবে। তবে এ কারণে পরবর্তী কোনো সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার ক্ষেত্রে তার অযোগ্যতা তৈরি হবে না।
রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন জানিয়েছে, নির্ধারিত নিয়ম ও প্রক্রিয়া অনুসরণ করেই ভোটগ্রহণ সম্পন্ন করা হবে।
মন্তব্যসমূহ