জাতীয় দলের ফুটবলারদের স্থানীয় পর্যায়ের খেপ ম্যাচে অংশ নেওয়ার বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
তিনি বলেছেন, যেসব খেলোয়াড় সরকার থেকে পেশাগত স্বীকৃতি হিসেবে ক্রীড়াভাতা পাচ্ছেন, তাদের এ ধরনের ম্যাচে অংশ নেওয়া কতটা সমীচীন, তা বিবেচনা করা প্রয়োজন।
সম্প্রতি জাতীয় দলের কয়েকজন ফুটবলারের বিভিন্ন এলাকায় খেপ ম্যাচ খেলার বিষয়টি আলোচনায় আসে। এ বিষয়ে ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, খেলোয়াড়দের দেশের প্রতি এবং নিজেদের পেশার প্রতি আরও দায়িত্বশীল হওয়া প্রয়োজন।
তিনি বলেন, জাতীয় দলের খেলোয়াড়দের অনেকেই সরকারের কাছ থেকে নিয়মিত ভাতা পাচ্ছেন। এরপরও স্থানীয় পর্যায়ের খেপ খেলায় অংশ নেওয়া তাদের পেশাদারিত্ব ও দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তৈরি করছে।
আমিনুল হক জানান, ব্যস্ততার কারণে এখনো বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতির সঙ্গে এ বিষয়ে কথা বলতে পারেননি। তবে দ্রুতই তার সঙ্গে আলোচনা করবেন।
তিনি বলেন, যেসব খেলোয়াড় বিভিন্ন জায়গায় গিয়ে খেপ খেলেছেন, তাদের বিষয়টি বাফুফের নজরে আনা হবে। প্রথম পর্যায়ে তাদের সতর্ক করা হবে। পরবর্তী সময়ে প্রয়োজন হলে ব্যবস্থা নেওয়ার বিষয়টি বিবেচনা করা হবে।
মন্তব্যসমূহ