রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী এখনো চূড়ান্ত করা হয়নি বলে জানিয়েছেন দলটির ভাইস চেয়ারম্যান ও জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি।
মঙ্গলবার (১১ আগস্ট) জাতীয় সংসদ ভবনে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
নূরুল ইসলাম মনি বলেন, রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে দলের অভ্যন্তরে এবং স্থায়ী কমিটিতে আলোচনা চলছে। চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে দলের শীর্ষ নেতৃত্ব ও নীতিনির্ধারকদের সঙ্গে আরও কয়েক দফা বৈঠক হবে।
তিনি বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়া অনুসরণ করেই বিএনপি যোগ্য প্রার্থীর নাম যথাসময়ে ঘোষণা করবে। দল সব সময় যোগ্য ও সর্বজন গ্রহণযোগ্য ব্যক্তিকে গুরুত্ব দেয়।
সংবিধান অনুযায়ী, নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীরবিক্রম) রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন। এ সময় ডেপুটি স্পিকার কায়সার কামাল ভারপ্রাপ্ত স্পিকারের দায়িত্ব পালন করছেন।
সংসদ সদস্যদের গোপন ভোটের মাধ্যমে দেশের নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন। এ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
এর আগে গত ২৪ জুলাই রাষ্ট্রপতির পদ থেকে মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেন। সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার পর ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন আয়োজন করতে হয়।