এমপিওভুক্ত শিক্ষকদের ম্যানেজমেন্ট কমিটিতে অন্তর্ভুক্তির বিষয়টি নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে বলে দাবি করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
তিনি বলেছেন, একটি সভার রেজুলেশনের আংশিক অংশ বাদ দিয়ে প্রচার করায় বিষয়টি নিয়ে ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে।
মঙ্গলবার (১১ আগস্ট) বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বার্ক) মিলনায়তনে আয়োজিত এক সেমিনারে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, কোনো সিদ্ধান্ত চূড়ান্ত হওয়ার আগে তা নির্দিষ্ট প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়। আলোচনার পর রেজুলেশন তৈরি হয়, এরপর প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়।
তিনি অভিযোগ করেন, একটি সভার রেজুলেশনের একটি অংশ প্রকাশ করা হয়েছে, কিন্তু সেখানে উল্লেখ থাকা পরবর্তী ধাপগুলো তুলে ধরা হয়নি। তার দাবি, রেজুলেশনের পরের অংশে বিষয়টি মন্ত্রীর পর্যালোচনা ও প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে প্রজ্ঞাপন জারির কথা বলা হয়েছিল।
ড. এহছানুল হক মিলন বলেন, এমপিওভুক্ত শিক্ষকদের ম্যানেজমেন্ট কমিটিতে যুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এমন ধারণা থেকে বিভিন্ন স্থানে আন্দোলন হচ্ছে। তবে বিষয়টি সম্পূর্ণ না বুঝেই এমন কর্মসূচি নেওয়া হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, কোনো বিষয়ে আপত্তি থাকলে আলোচনার মাধ্যমে সমাধানের সুযোগ রয়েছে। অযথা বিভ্রান্তি বা উত্তেজনা সৃষ্টি না করার আহ্বান জানান তিনি।
শিক্ষামন্ত্রী আরও বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের কোনো সিদ্ধান্ত শুধু একটি রেজুলেশনের অংশের ভিত্তিতে নেওয়া হয় না। প্রতিটি সিদ্ধান্তের ক্ষেত্রে আলোচনা, পরীক্ষা-নিরীক্ষা ও প্রশাসনিক প্রক্রিয়া অনুসরণ করা হয়।
তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে যাচাই ছাড়া তথ্য ছড়িয়ে পড়ার বিষয়েও উদ্বেগ প্রকাশ করেন। এর ফলে অনেক সময় প্রকৃত তথ্য আড়ালে পড়ে যায় এবং মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হয় বলে মন্তব্য করেন তিনি।