বর্তমান সরকারের ছয় মাস বা ১৮০ দিনের কার্যক্রম শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেই জনগণের সামনে সরকারের অর্জন, সীমাবদ্ধতা ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরবেন।
এ লক্ষ্যে বিভিন্ন মন্ত্রণালয়ের কার্যক্রম ও অগ্রগতি বিস্তারিতভাবে পর্যালোচনা করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
মঙ্গলবার (১১ আগস্ট) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
উপদেষ্টা বলেন, সরকারের দায়িত্ব নেওয়ার পর থেকে ১৮০ দিনের মধ্যে বিভিন্ন মন্ত্রণালয় কী ধরনের কাজ করেছে, তা মূল্যায়ন করা হচ্ছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ে উপদেষ্টা ও বিশেষ সহকারীদের সমন্বয়ে এ বিষয়ে একটি কমিটি কাজ করছে।
তিনি জানান, মূল্যায়ন প্রক্রিয়ায় প্রতিটি বিষয় বিস্তারিতভাবে যাচাই করা হচ্ছে। নির্ধারিত সময় শেষে প্রধানমন্ত্রী নিজেই জনগণের সামনে সরকারের কার্যক্রমের চিত্র তুলে ধরবেন।
রেলপথ খাতের অগ্রগতি তুলে ধরে জাহেদ উর রহমান বলেন, সরকার রেল যোগাযোগ সম্প্রসারণে বিভিন্ন উদ্যোগ নিয়েছে। নির্বাচনি ইশতেহারে ঘোষিত আন্তঃনগর ও কমিউটার ট্রেন সেবা বাড়ানোর ক্ষেত্রেও অগ্রগতি হয়েছে।
এর অংশ হিসেবে ঢাকা-গোপালগঞ্জ-ঢাকা রুটে ‘অভিযাত্রিক কমিউটার’ নামে নতুন এক জোড়া ট্রেন চালু করা হয়েছে বলেও জানান তিনি।