অভিবাসন নিয়ন্ত্রণ কার্যক্রমের অংশ হিসেবে যুক্তরাষ্ট্র বিপুলসংখ্যক ভিসা বাতিল করেছে। দেশটির পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, এখন পর্যন্ত প্রায় ১ লাখ ৭৫ হাজার ভিসা বাতিল করা হয়েছে।
সোমবার (১০ আগস্ট) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভিসার শর্ত লঙ্ঘন, জালিয়াতি, সহিংসতার সঙ্গে সম্পৃক্ততা, জাতীয় নিরাপত্তার ঝুঁকি এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের কারণে এসব ভিসা বাতিল করা হয়েছে।
পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, ব্যাপক যাচাই-বাছাই কার্যক্রমের মাধ্যমে ভিসাধারীদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। এর লক্ষ্য হলো, বিদেশি নাগরিকরা যেন ভিসার নিয়ম মেনে চলেন এবং যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি না করেন।
ভিসা বাতিলের কারণগুলোর মধ্যে হামলা, মাদকসংক্রান্ত অপরাধ, চুরি, মাতাল অবস্থায় গাড়ি চালানোসহ বিভিন্ন আইনভঙ্গের বিষয় উল্লেখ করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর আফ্রিকার একটি মার্কিন দূতাবাস ‘বার্থ ট্যুরিজম’-এর অভিযোগে ১০০টির বেশি দম্পতির ভিসা বাতিল করেছে। এসব ব্যক্তি সন্তানের জন্মের মাধ্যমে মার্কিন নাগরিকত্ব পাওয়ার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে যাওয়ার চেষ্টা করেছিলেন বলে অভিযোগ করা হয়েছে।
মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, দেশটির নিরাপত্তা বা জাতীয় স্বার্থের জন্য হুমকি হতে পারে এমন বিদেশি নাগরিকদের শনাক্ত ও যাচাই কার্যক্রম অব্যাহত থাকবে।
পররাষ্ট্র দপ্তরের ভাষ্য, যুক্তরাষ্ট্রের ভিসা একটি সুবিধা, কোনো অধিকার নয়। যারা ভিসার শর্ত ভঙ্গ করবেন, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে চলতি বছরের জানুয়ারিতে যুক্তরাষ্ট্র এক লাখের বেশি ভিসা বাতিলের তথ্য জানিয়েছিল, যা তখন একটি বড় রেকর্ড হিসেবে উল্লেখ করা হয়েছিল।
সূত্র: আল জাজিরা